সাপ্তাহিক ছুটির দিন। বাইরে মুষলধারে বৃষ্টি। ইচ্ছা থাকলেও হয়তো আজ ঘুরতে বের হওয়া সম্ভব নয়। তবে তাই বলে ছুটির দিনটি একঘেয়ে করে কাটানোর কোনো কারণ নেই। একটু পরিকল্পনা করলেই বৃষ্টিস্নাত দিনটিই হয়ে উঠতে পারে আনন্দময় ও প্রশান্তির।
পছন্দের খাবার রান্না করুন
ছুটির দিনে নিজের পছন্দের কোনো খাবার রান্না করতে পারেন। চাইলে নতুন কোনো দেশি বা বিদেশি রেসিপিও চেষ্টা করে দেখতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে রান্না করলে আনন্দ আরও বাড়বে।
পরিবারকে সময় দিন
সারা সপ্তাহের ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়া হয় না। তাই আজ পরিবারের সঙ্গে গল্প করতে পারেন। সবাই মিলে সিনেমা দেখতে পারেন কিংবা বৃষ্টির আমেজে মুড়িমাখা খেতে খেতে জমিয়ে আড্ডা দিতে পারেন।
নিজেকে সময় দিন
কাজের ব্যস্ততার বাইরে নিজের জন্য কিছুটা সময় রাখুন। এক কাপ চা বা কফি হাতে জানালার পাশে বসে বৃষ্টি দেখতে পারেন। বই পড়া, লেখা কিংবা নিজের পছন্দের কোনো কাজেও সময় দিতে পারেন।
প্রিয়জনের সঙ্গে সময় কাটান
আবহাওয়া অনুকূলে থাকলে প্রিয়জনকে নিয়ে রিকশায় ঘুরতে বা লং ড্রাইভে যেতে পারেন। আর ঘরে থাকলে দুজন মিলে খিচুড়ি-ইলিশ রান্না কিংবা পুরোনো ছবি নিয়ে স্মৃতিচারণ করতে পারেন।
বন্ধুদের সঙ্গে আড্ডা দিন
কাছের কোনো চায়ের দোকান বা কফিশপে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। চাইলে বাসায় ডেকে খাওয়া-দাওয়া ও গল্পে মেতে উঠুন। বৃষ্টি খুব বেশি না হলে মাঠে ফুটবল খেলাও হতে পারে দারুণ অভিজ্ঞতা।
গান শুনুন, লিখুন
বৃষ্টির সঙ্গে গান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রিয় শিল্পীর গান শুনে সময় কাটাতে পারেন। লেখালেখির অভ্যাস থাকলে এই আবহাওয়াকে ঘিরে লিখে ফেলতে পারেন কবিতা, গল্প কিংবা গান।
কিছুটা সময় ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকুন। বৃষ্টিস্নাত ছুটির এই সুন্দর সময়টুকু নিজের মতো করে উপভোগ করুন।
সময়ের আলো/এমকে