চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার এডার মিলিতাওকে নিয়ে স্বস্তির খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। গুরুতর চোট কাটিয়ে আবারও মাঠে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন তিনি। ফলে তার পুনর্বাসন প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।
গত মৌসুমের শেষ দিকে উরুর মারাত্মক চোটে পড়েন ২৪ বছর বয়সি এই সেন্টার-ব্যাক। চোটের তীব্রতার কারণে তাকে অস্ত্রোপচারও করাতে হয়, যার ফলে সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতিনিধিত্ব করতে পারেননি তিনি। এর পর থেকেই দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছিলেন রিয়ালের রক্ষণভাগের এই মূল স্তম্ভ।
যদিও নতুন ২০২৬-২৭ মৌসুমের শুরুর দিকের বেশ কিছু ম্যাচ থেকে মিলিতাও ছিটকে গেছেন বলে ধারণা করা হচ্ছে, তবে সম্প্রতি রিয়ালের অনুশীলন মাঠ ভালদেবেবাসে তাকে বল পায়ে দৌড়াতে ও একক অনুশীলন করতে দেখা গেছে। রিয়াল মাদ্রিদের স্পেশাল ফিটনেস দলের এক সদস্যের নিবিড় তত্ত্বাবধানে এই সেশন সম্পন্ন করেন তিনি।
চিকিৎসক দল ও ক্লাব সূত্রে জানা গেছে, পুরোপুরি ফিট হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে মিলিতাওয়ের এখনও খানিকটা সময় লাগবে। ফলে তাড়াহুড়ো করে তাকে এখনই ম্যাচ স্কোয়াডে ফেরানো হবে না। তবে এককভাবে মাঠে অনুশীলন শুরু করাকে তার সুস্থতার প্রক্রিয়ায় এক বিশাল অগ্রগতি হিসেবে দেখছে স্প্যানিশ ক্লাবটি।
২০১৯ সালে পোর্তো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের রক্ষণভাগে অন্যতম নির্ভরযোগ্য নাম হয়ে ওঠেন মিলিতাও। নতুন মৌসুমের কঠিন চ্যালেঞ্জে নামার আগে এই ব্রাজিলিয়ান তারকার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত রিয়াল ডাগআউটে বড় স্বস্তি এনে দিয়েছে।
সময়ের আলো/টিকে