মাঠের ফুটবলে জীবনে নানা ভুল শুধরে নিলেও ক্যারিয়ারের একটি বড় ভুল কোনোদিনও সংশোধন করতে চান না ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো। জার্সিতে লেখা নামের বানান! দীর্ঘ দুই দশকের পেশাদার ক্যারিয়ারে ভুল বানানের নামেই খেলে যাচ্ছেন তিনি।
৩৪ বছর বয়সি এই সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। তার পুরো নাম কার্লোস হেনরিকে জোসে ফ্র্যান্সিসকো ভেনাসিও কাসিমিরো (Carlos Henrique Jose Francisco Venancio Casimiro)। নামের আসল বানান অনুযায়ী লেখার কথা ‘Casimiro’। তবে শৈশবের ক্লাব সাও পাওলোতে খেলার সময় দুর্ঘটনাবশত তার জার্সির পেছনে লেখা হয় ‘Casemiro’।
সম্প্রতি ইতালির সংবাদমাধ্যম ‘লা রিপাবলিকা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ভুল বানানের রহস্য প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান। কাসেমিরো বলেন, "সবার কাছে আমি আজীবন ‘কাসেমিরো’ (Casemiro) হয়েই থাকব। সব দোষ সাও পাওলোর! তারা দুর্ঘটনাবশত আমার জার্সিতে নামের বানানে ‘i’-এর জায়গায় ‘e’ লিখেছিল। আর সেই ম্যাচেই আমি দারুণ পারফর্ম করেছিলাম।"
প্রথম ম্যাচে দুর্দান্ত খেলার পর অভিনব এক কুসংস্কার চেপে বসে তার মাথায়। নাম সংশোধন না করার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, "আমি অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন একজন মানুষ। তাই ওই ম্যাচের পর ক্লাবকে বলেছিলাম, নামের বানান আর বদলানোর দরকার নেই। যেভাবে চলছে, তা বেশ ভালোই তো! এটি ছিল স্রেফ একটি ম্যাচের ভুল, আর এখন সেই ভুল নামটাই সারাজীবন বহন করছি।"
সাও পাওলোর একটি ভুল বানানের জার্সিতে শুরু হওয়া সেই ‘কাসেমিরো’ নামটিই পরবর্তীতে ব্রাজিল জাতীয় দল, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ইন্টার মিয়ামি পর্যন্ত ফুটবল বিশ্বের অন্যতম এক প্রভাবশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে।
সময়ের আলো/টিকে