২৮ ঘণ্টা রোমে আটকা বিমানের যাত্রীরা, বাংলাদেশ থেকে যাচ্ছে ইঞ্জিনিয়ার

জাতীয়

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে প্রায় ২৮ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন কানাডার টরন্টো ও রোম থেকে ঢাকাগামী বিমান

2026-08-08T17:47:09+00:00
2026-08-08T17:47:09+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২৮ ঘণ্টা রোমে আটকা বিমানের যাত্রীরা, বাংলাদেশ থেকে যাচ্ছে ইঞ্জিনিয়ার
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৪৭ পিএম 
বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি : সংগৃহীত
প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে প্রায় ২৮ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন কানাডার টরন্টো ও রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৬০ যাত্রী। ফ্লাইটটি মেরামতে বাংলাদেশ থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বর্তমানে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। ত্রুটি মেরামতের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ শনিবার ঢাকার একটি ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওই ফ্লাইট রোমে পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে সেটি আর উড্ডয়ন করেনি। শনিবার (৮ আগস্ট) দুপুর পর্যন্তও ফ্লাইটটি রোম বিমানবন্দরেই অবস্থান করছিল।

পরিকল্পনা অনুযায়ী, প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছানোর পর দ্রুত কারিগরি ত্রুটি মেরামতের কাজ শেষ করার চেষ্টা করা হবে। সবকিছু ঠিক থাকলে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া সময়সূচি অনুযায়ী, যাত্রীদের রোম বিমানবন্দরে মোট প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে। দীর্ঘ সময় ধরে আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে।

ফ্লাইটটিতে মোট ২৬০ জন যাত্রী রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি ইতালি ও কানাডার নাগরিকও রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর ইতালিতে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির বিরতি ছিল। সেই বিরতির সময়ই উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে।

ফ্লাইটটি বর্তমানে উড্ডয়নের অনুপযোগী থাকায় যাত্রীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। বাংলাদেশ থেকে প্রকৌশলী দল ও খুচরা যন্ত্রাংশ পাঠানোর পর ত্রুটি মেরামত করে যত দ্রুত সম্ভব ফ্লাইটটি ঢাকার উদ্দেশে পাঠানোর পরিকল্পনা করছে বিমান কর্তৃপক্ষ।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রোম  আটকা  বিমান  যাত্রী  বাংলাদেশ  ইঞ্জিনিয়ার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: