চলমান এইচএসসির ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও বোর্ডে নম্বর পাঠানোর সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর পাঠানোর কাজ সম্পন্ন করা যাবে। শনিবার (৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও বোর্ডে নম্বর প্রেরণের সময় আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং বোর্ডে নম্বর পাঠানোর কাজ শেষ করতে বলা হয়েছে।
এ নির্দেশনা এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সব কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা, অধ্যক্ষ ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আআ