ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

ক্রীড়া ডেস্ক

খেলা

আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান আবারও লিখলেন ইতিহাসের নতুন অধ্যায়। ওয়ানডে ক্রিকেটে প্রথম স্পিনার হিসেবে তিনবার এক ম্যাচে ৬ উইকেট

2026-08-09T03:43:09+00:00
2026-08-09T03:43:09+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
খেলা
ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান আবারও লিখলেন ইতিহাসের নতুন অধ্যায়। ওয়ানডে ক্রিকেটে প্রথম স্পিনার হিসেবে তিনবার এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সী এই আফগান তারকা।

শুক্রবার (৭ আগস্ট) নর্দার্ন আয়ারল্যান্ডের ব্রেডি ক্রিকেট ক্লাবে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই রেকর্ড গড়েন রশিদ। ৭.৪ ওভার বল করে মাত্র ৩৪ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়ে ৯২ রানের বড় জয় পায় আফগানিস্তান।

আয়ারল্যান্ডের রান তাড়ার ১৫তম ওভারের প্রথম বলেই ওপেনার অ্যান্ড্রু বালবির্নিকে ৩৬ রানে ফিরিয়ে উইকেট শিকারের খাতা খোলেন রশিদ। এরপর একে একে সাজঘরে পাঠান হ্যারি টেক্টর (৫), বেঞ্জামিন ক্যালিৎজ (২৭), কার্টিস ক্যাম্ফার (২৩), জয় মুন্দ্রা (৩) ও বায়রন ম্যাকডোনাকে (০)।

২০১৫ সালের ১৫ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল রশিদের। এর দুই বছর পর ২০১৭ সালের ১৭ মার্চ ভারতের গ্রেটার নয়ডায় আয়ারল্যান্ডের বিপক্ষেই প্রথমবার ওয়ানডেতে ৬ উইকেট নেন তিনি। ৯.৩ ওভারে ৪৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন রশিদ। একই বছর ৯ জুন গ্রোস আইসলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও ভয়ংকর বোলিং করেন তিনি। ৮.৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৭ উইকেট।

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয়বারের মতো ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে নতুন রেকর্ড গড়লেন রশিদ। ওয়ানডেতে সর্বাধিক পাঁচবার ৬ উইকেট নেওয়ার রেকর্ডটি অবশ্য এখনো পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের দখলে। ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২৬২ ওয়ানডে খেলা ওয়াকার এই কীর্তি গড়েছেন পাঁচবার।

অন্যদিকে ওয়ানডেতে দুইবার করে ৬ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইমরান তাহির, শহীদ আফ্রিদি, অকিলা ধনঞ্জয়া, সন্দ্বীপ লামিছানে ও অজন্তা মেন্ডিসের। তাদের সবাইকে ছাড়িয়ে স্পিনারদের মধ্যে একমাত্র বোলার হিসেবে তিনবার ৬ উইকেট নেওয়ার রেকর্ড এখন রশিদের।


শুধু স্পিনারদের মধ্যেই নয়, আরও একটি বিশেষ কীর্তিতে রশিদ এখন ওয়াকার ইউনুসের পাশে। ওয়াকারের পর দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে একাধিকবার ৬ উইকেট নিয়েছেন তিনি। ওয়াকার নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার ৬ উইকেট নিয়েছিলেন। আর রশিদের তিনটি ৬ উইকেটের দুটিই এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।

রশিদের ঘূর্ণিতে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৪৭ ওভারে ৮ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ২০৭ রানেই অলআউট হয় আয়ারল্যান্ড। রশিদের ৬ উইকেটের পাশাপাশি আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই নেন ২টি উইকেট এবং ফাজালহাক ফারুকী পান ১টি উইকেট।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি আগামী সোমবার (১০ আগস্ট) বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হবে।

সমেয়র আলো/এসএকে


  বিষয়:   ওয়ানডে  ইতিহাস  স্পিনার  রশিদ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: