যশোরের বাঘারপাড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যুর হয়েছে। উপজেলার খলশী গ্রামে নিজ ঘরের খাট থেকে ছয় বছরের শিশু জিসান এবং তার মা জুবায়দা খাতুনের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল এবং মায়ের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।
গত শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। নিহত জুবায়দা খাতুন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং জিসান তাদের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং ওড়নার দুটি প্রান্ত তার দুই হাতে ধরা অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে, শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে শক্ত করে বাঁধা ছিল। ঘরের এমন লোমহর্ষক ও রহস্যজনক পরিস্থিতি স্থানীয়দের মধ্যে তীব্র সন্দেহের সৃষ্টি করেছে। ঘটনাটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নিহত জুবায়দার ছোট বোন পিনজিরার দাবি, তার ভগ্নিপতি জাকির হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং প্রায় এক বছর আগে দেশে ফেরেন। এর আগে থেকেই তাদের ভাই শিহাবের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্বশত্রুতা বা ওই বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেতে পারে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) পলাশ জানান, ঘটনাস্থলের পরিবেশ ও পরিস্থিতি দেখে বিষয়টি অত্যন্ত রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সময়ের আলো/জোই