লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সদ্য সমাপ্ত আসরে জাফনা কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে গল গ্যালান্টস। চ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) দল কেনার আগ্রহ প্রকাশ করেছে লঙ্কান এই ফ্র্যাঞ্চাইজিটি।
গলের মালিকপক্ষের প্রতিনিধি ফাইনাল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই সম্ভাবনার কথা জানান। বিপিএলে দল নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।
গল গ্যালান্টসের ওই প্রতিনিধি বলেন, "শিরোপা জেতাটা দারুণ এক অনুভূতি। এপ্রিলে আমাদের যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে দল গুছিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আমরা সফল হয়েছি। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা মাঠে সেই পরিকল্পনা বাস্তবায়ন করায় এটি সম্ভব হয়েছে।"
বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, "আমরা বিপিএলে দল নেওয়ার বিষয়টি নিয়ে ভাবছি এবং শিগগিরই বিস্তারিত আলোচনা করব। মাত্রই তো এলপিএল শেষ হলো, এবার আমরা বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভাবব। ভারতীয় হিসেবে আমি জানি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ক্রিকেটের দর্শক কতটা নিবেদিত। বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল, আশা করি আমরা সেখানেও ফ্র্যাঞ্চাইজি নিয়ে যুক্ত হব। বিসিবি কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আমাদের প্রাথমিক কথাবার্তাও চলছে।"
উল্লেখ্য, এবারের এলপিএলে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজিটিতে বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাসের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যোগ দিতে পারেননি। তবে বাংলাদেশি কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান দলের জয়ে ভূমিকা রেখেছেন।
লিটনকে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, "নুরুল হাসান সোহান সত্যিই চমৎকার খেলেছেন এবং সঠিক সময়ে পারফর্ম করেছেন। তবে দুর্ভাগ্যবশত লিটনকে পাওয়া যায়নি, আমরা তাকে ভীষণ মিস করেছি।"
সময়ের আলো/টিকে