বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল (কমলাপুর) স্টেডিয়ামের ড্রেসিংরুম, খেলোয়াড়দের ওয়াশরুম ও প্রেস বক্সের জরাজীর্ণ ও নোংরা পরিবেশ দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে স্টেডিয়ামের ক্রীড়া-সংক্রান্ত স্থানে অবৈধ অটোরিকশার গ্যারেজ ব্যবসা পরিচালনা এবং প্রশাসনিক গাফিলতির অভিযোগে স্টেডিয়াম প্রশাসক শফি কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে কমলাপুর স্টেডিয়াম আকস্মিক পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় তার সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালকসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টেডিয়ামের অবকাঠামো ও ভেতরের পরিবেশ ঘুরে দেখে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, "স্টেডিয়াম মূলত : খেলোয়াড়দের জন্য, অথচ এখানকার ড্রেসিংরুম ও ওয়াশরুমের পরিবেশ যাচ্ছেতাই। সংবাদকর্মীদের জন্য নির্ধারিত প্রেস বক্সের অবস্থাও একই রকম বেহাল। চারিদিকে সিঁড়ির নিচে ময়লা-আবর্জনা জমিয়ে রাখা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
স্টেডিয়াম চত্বর ও এর আশেপাশে অবৈধ দোকানপাট ও ব্যবসা পরিচালনার বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন। খেলাধুলার প্রসারে বরাদ্দ দেওয়া স্থানে অবৈধ অটোরিকশার গ্যারেজ পরিচালনা ও বিদ্যুৎ অপচয়ের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "স্টেডিয়াম সীমানার ভেতরের সমস্ত অবৈধ দোকানপাট ও ব্যবসার লিজ চুক্তি বাতিল করা হবে। এখানে শুধুই খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা হবে।"
আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদের একটি দল কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করবে। কোথায় মেরামত, সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ প্রয়োজন, তা চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আমিনুল হক। ড্রেসিংরুমে ফ্যান ও এসির ব্যবস্থাসহ খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
সময়ের আলো/টিকে