দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে। নতুন তথ্যানুযায়ী, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাত্র আড়াই মাসে দেশে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুতের কাজে নেমেছে কমিশন। ইসির প্রাথমিক রূপরেখা অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাস থেকে ধাপে ধাপে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যেই ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোটারদের তালিকাভুক্তির বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, "যদি কোনো কারণে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পেছায় কিংবা কমিশন নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তবে নির্ধারিত সময়ের পরের নতুন ভোটারদের সম্পূরক তালিকার মাধ্যমে যুক্ত করা হবে।"
নির্বাচনী নীতিমালার অগ্রগতির বিষয়ে সচিব জানান, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকার সংস্থাগুলোর নির্বাচনী আচরণবিধি ইতোমধ্যে পর্যালোচনা ও অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আইন সংশোধনের আনুষ্ঠানিক সুপারিশ পাঠানোর বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে, যা দ্রুতই পাঠানো হবে।
এদিকে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের অগ্রগতি নিয়ে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদল কমিশন কার্যালয়ে এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল মনোনয়নপত্র সংগ্রহ করেনি বলে জানান তিনি।
সময়ের আলো/টিকে