চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের আলিম পরীক্ষার ১১টি বিষয়ের নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে পরীক্ষাগুলো শুরু হবে। এসব পরীক্ষা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের আলিম পরীক্ষার ১১টি বিষয়ের স্থগিত পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।
নতুন সূচি অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের (বিষয় কোড ২৬৭) পরীক্ষা হবে ২০ আগস্ট, বৃহস্পতিবার। ইংরেজি প্রথম পত্র (বিষয় কোড ২৬৮) ২২ আগস্ট, শনিবার এবং ইংরেজি দ্বিতীয় পত্র (বিষয় কোড ২৬৯) ২৪ আগস্ট, সোমবার অনুষ্ঠিত হবে।
এরপর আরবি দ্বিতীয় পত্রের (বিষয় কোড ২০৬) পরীক্ষা হবে ২৭ আগস্ট, বৃহস্পতিবার। হাদিস ও উসূলুল হাদিস (বিষয় কোড ২০২) পরীক্ষা ২৯ আগস্ট, শনিবার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড ২৪০) পরীক্ষা ৩১ আগস্ট, সোমবার অনুষ্ঠিত হবে।
৫ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে তিনটি বিষয়ের পরীক্ষা। এগুলো হলো— বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), বিষয় কোড ২১০; পদার্থবিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়), বিষয় কোড ২২৪ এবং তাজবিদ প্রথম পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ), বিষয় কোড ২৩২।
এছাড়া আল ফিকহ প্রথম পত্রের (বিষয় কোড ২০৩) পরীক্ষা হবে ৭ সেপ্টেম্বর, সোমবার। আল ফিকহ দ্বিতীয় পত্রের (বিষয় কোড ২০৪) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর, বুধবার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
এদিকে ব্যবহারিক পরীক্ষারও সংশোধিত সময়সূচি নির্ধারণ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে উল্লিখিত তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অবশ্যই সম্পন্ন করতে হবে।
ব্যবহারিক পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর ২৫ আগস্টের মধ্যে অনলাইনে শিক্ষাবোর্ডে পাঠাতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে যথাসময়ে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে।
ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে হবে। পরীক্ষার্থীকে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড ব্যবহারিক উত্তরপত্রে লিখতে হবে।
সময়ের আলো/আআ