ভারতে দেওবন্দ মাদরাসার নিচে ‘শিবলিঙ্গ’, দাবি হিন্দুত্ববাদী সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের নিচে ‘শিবলিঙ্গ’ রয়েছে বলে দাবি করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রক্ষা দল।

2026-08-09T21:44:53+00:00
2026-08-09T21:47:19+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ভারতে দেওবন্দ মাদরাসার নিচে ‘শিবলিঙ্গ’, দাবি হিন্দুত্ববাদী সংগঠনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:৪৪ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৯:৪৭ পিএম
ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। সংগৃহীত ছবি
ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের নিচে ‘শিবলিঙ্গ’ রয়েছে বলে দাবি করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রক্ষা দল। এ দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিতে গঙ্গার পানি ঢালার কর্মসূচির কথাও জানিয়েছে সংগঠনটি।   

দারুল উলুম দেওবন্দ শুধু ভারতীয় উপমহাদেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সুপরিচিত একটি ইসলামি শিক্ষাকেন্দ্র। প্রতিষ্ঠানটির স্থাপনা বা প্রাঙ্গণের নিচে শিবলিঙ্গ থাকার অভিযোগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এর ফলে মাদরাসাটিকে ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে পুলিশের।

সম্প্রতি এক ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্য সভাপতি ললিত শর্মা জানান, সংগঠনের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে সদস্যরা উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে গঙ্গার পানি সংগ্রহ করে দেওবন্দে যাওয়ার পরিকল্পনা করেছেন।


ললিত শর্মার ভাষ্য অনুযায়ী, দেওবন্দ এলাকায় একটি শিবমন্দির থাকার অভিযোগ তুলে তারা এর আগে সাহারানপুর জেলা প্রশাসনের কাছে তদন্তের আবেদন করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দাবি করে সংগঠনটি নিজেরাই সেখানে গিয়ে গঙ্গার পানি অর্পণের সিদ্ধান্ত নিয়েছে।

সম্ভাব্য উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেওবন্দে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। দেওবন্দ সার্কেল অফিসার অমিত কুমার সিং জানিয়েছেন, কোনো ব্যক্তি বা সংগঠনকে এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না। পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

ভারতে এর আগেও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ঐতিহাসিক মসজিদ ও ইসলামি স্থাপনার নিচে কিংবা পূর্বে হিন্দু মন্দির থাকার দাবি তোলা হয়েছে। এসব দাবির মধ্যে অযোধ্যার বাবরি মসজিদ, বারানসীর জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহি ইদগাহ এবং মধ্যপ্রদেশের ভোজশালা কমপ্লেক্স— যেখানে কামাল মাওলা মসজিদ রয়েছে— বিশেষভাবে আলোচিত হয়েছে। এসবের কয়েকটি দাবি আদালত পর্যন্ত গড়িয়েছে।

উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত দারুল উলুম দেওবন্দ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী ও ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৬৬ সালে মাওলানা মুহাম্মদ কাসিম নানুতাভী ও মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে এটি দেওবন্দি ইসলামি চিন্তাধারার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ভারত  হিন্দু রক্ষা দল  শিবলিঙ্গ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: