দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে সাড়ে ৩টায় হিলির চারমাথা এলাকায় চার লেন সড়কটির উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে দীর্ঘদিন থমকে থাকা সড়কটির নির্মাণকাজ নতুন করে শুরু হয়েছে। এতে হিলির ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, বন্দরসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি।
উদ্বোধন শেষে বক্তব্যে মন্ত্রী বলেন, জিরো পয়েন্ট থেকে চারমাথা, মহিলা কলেজ ও উসমানপুর পর্যন্ত সড়কটি দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। সড়কটি চার লেনে উন্নীত হওয়ায় মানুষের চলাচল ও স্থলবন্দরকেন্দ্রিক কার্যক্রম আরও সহজ হবে।
তিনি বলেন, হিলি স্থলবন্দরকে আরও কর্মক্ষম ও আধুনিক করতে কাস্টমস ও ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়নকাজ চলছে। কাস্টমসের নতুন ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি ইমিগ্রেশনে যাত্রীদের জন্য ছাউনি এবং বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ তৈরি করা হবে।
মন্ত্রী আরও বলেন, হাকিমপুর রেলস্টেশনের কার্যক্রমও আরও সম্প্রসারণ করা হবে, যাতে পণ্য ওঠানামাসহ বিভিন্ন কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা যায়। এসব উন্নয়নকাজে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় তিনি গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বলেন, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করতে সাধারণ মানুষ প্রস্তুত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক, এলজিইডির কর্মকর্তা, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সময়ের আলো/আতা