আকাশজুড়ে সাদা মেঘের ভেলা, আর নিচে নদীর জলে ভেসে চলা— এমনই মনোমুগ্ধকর এক অভিজ্ঞতার সাক্ষী হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ‘প্রাচ্যের ভেনিস’ হিসেবে পরিচিত বরিশাল ঘুরে মুগ্ধতা প্রকাশ করে তিনি সংক্ষেপে লিখেছেন, ‘অপূর্ব!’
দুই দিনের বরিশাল সফরের প্রথম দিনে কখনো লঞ্চে করে নদীর বুকে ঘুরে দক্ষিণ বাংলার জলজ সৌন্দর্য উপভোগ করেছেন তিনি। আবার কখনো সরু খাল ধরে ঘুরে দেখেছেন স্থানীয় মানুষের জীবনযাপন ও বহুল পরিচিত ভাসমান পেয়ারার বাজার। পাশাপাশি বরিশালের শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী মসজিদ ও মন্দিরও পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
সরকারি সূত্রে জানা যায়, ৮ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকার সদরঘাট থেকে ‘এম খান ৭’ নামের লঞ্চে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার সকালে বরিশালে পৌঁছালে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে সফরসঙ্গীদের নিয়ে রাষ্ট্রদূত ঝালকাঠির দৃষ্টিনন্দন ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজারের উদ্দেশ্যে রওনা হন।
ভীমরুলীতে স্থানীয় ট্রলারে ভেসে ভেসে বাজারের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখেন তিনি। সেখানে সাধারণ মানুষের জীবিকা, পেয়ারার বেচাকেনা ও স্থানীয় পরিবেশ প্রত্যক্ষ করার পাশাপাশি তাজা পেয়ারা চেখেও দেখেন মার্কিন রাষ্ট্রদূত।
বরিশাল শহরে ফেরার পথে তিনি পরিদর্শন করেন শতবর্ষের ঐতিহাসিক কড়াপুর মিঞা বাড়ি মসজিদ। লাল ইটের প্রাচীন স্থাপত্য, দেয়ালের নকশা এবং মসজিদটির শান্ত পরিবেশ ঘুরে দেখেন তিনি। সফরসঙ্গী ভ্রমণকারীরা পরে এসব মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ করেন।
কড়াপুর মিঞা বাড়ি মসজিদ পরিদর্শনের সময় রাষ্ট্রদূত বলেন, ‘অষ্টাদশ শতাব্দীর স্থাপত্যশৈলীর সমৃদ্ধ এক নিদর্শন কড়াপুর মিঞা বাড়ি মসজিদ। অপূর্ব!’ তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্যে বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের প্রতি মুগ্ধতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
দুপুরে জলে ভেসে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে বরিশালের স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
সফরের বিকেলের পর্বে রাষ্ট্রদূত নগরের অন্যতম ঐতিহ্যবাহী শ্রীশ্রী শঙ্কর মঠ মন্দির পরিদর্শন করেন। সেখানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
দিনের শেষভাগে নগরের ঐতিহ্যবাহী ‘সকাল সন্ধ্যা’ রেস্তোরাঁয় যান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে লুচি, ডাল-তরকারি ও স্থানীয় মিষ্টান্নের স্বাদ নেন তিনি। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এভাবেই বরিশাল সফরের প্রথম দিন শেষ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
সময়ের আলো/ইউএমএইচ