প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:১৬ এএম

পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীকে আটক করা হয়েছে । ছবি : সংগৃহীত
পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীকে আটক করা হয়েছে । ছবি : সংগৃহীতময়মনসিংহে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের একজনকে পুলিশের যৌথ অভিযানে এবং অন্যজনকে স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর শম্ভুগঞ্জ ও ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শম্ভুগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালান। এ সময় বইঠা তৈরির কাজে নিয়োজিত অবস্থায় মোজাম্মেল হোসেন মামুনকে আটক করা হয়।
মোজাম্মেল হোসেন মামুন শম্ভুগঞ্জ মোড় এলাকার মোস্তফার ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সেলিম মিয়া নামে যুবলীগের এক কর্মীকে আটক করেন উত্তর জেলা যুবদলের নেতা-কর্মীরা। পরে তাকে ফুলপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেলিম মিয়া উপজেলার বওলা ইউনিয়ন যুবলীগের কর্মী।
যুবদলের নেতা-কর্মীদের দাবি, ঢাকায় চলমান আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে তাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুনের নেতৃত্বে তাকে আটক করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবদলের নেতা-কর্মীরা সেলিম মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। নাশকতার উদ্দেশ্যে তিনি ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় মামলা দিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/এসকে