
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী । ছবি : সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী । ছবি : সংগৃহীতপার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ার জন্য বিগত সরকারকে দায়ী করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেছেন, ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ সময় ধরে চুক্তি সম্পাদনকারী দলই রাষ্ট্রক্ষমতায় ছিল। এরপরও চুক্তির বাকি বিষয়গুলো কেন বাস্তবায়িত হয়নি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে মতভেদ থাকলেও চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেন তিনি। অবশিষ্ট বিষয়গুলো বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক বলেও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান।
পার্বত্য অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি প্রসঙ্গে সাচিং প্রু জেরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিসত্তার মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। তবে বিগত সরকারের সময়ে বোর্ডটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে সরে গেছে। এটিকে আবারও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।
পাহাড় ও সমুদ্রকে ঘিরে পর্যটন বিকাশে সমন্বিত মহাপরিকল্পনা নেওয়ার কথাও জানান মন্ত্রী। এ পরিকল্পনার আওতায় রাঙামাটি, বান্দরবানের থানচি ও লামা এবং কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতকে যুক্ত করে পর্যটন রুট গড়ে তোলার চিন্তা রয়েছে। এতে পর্যটকেরা একই ভ্রমণে পাহাড়ের জীববৈচিত্র্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, স্থানীয় ফলমূল ও খাবারের স্বাদ নিতে পারবেন। এভাবে পর্যটকেরা পার্বত্য অঞ্চল ও আশপাশের জেলাগুলোতে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পর্যটনশিল্পের বিকাশে হোটেল ও পরিবহনসংশ্লিষ্টদের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পর্যটকদের সঙ্গে শালীন ও আন্তরিক আচরণ করার আহ্বান জানান পার্বত্যমন্ত্রী।
পাহাড়ের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রচলিত ফসলের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও উচ্চমূল্যের কৃষিপণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পাহাড়ে ৮০ থেকে ৯০ বছর পর্যন্ত ফলন দিতে পারে এমন কফি এবং ৪০ থেকে ৫০ বছর স্থায়ী কাজুবাদামের আবাদ বাড়ানো যেতে পারে। দেশে কফির ব্যাপক চাহিদা থাকায় এর উৎপাদন পাহাড়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পানিসংকট মোকাবিলায় বনাঞ্চল সৃষ্টির পাশাপাশি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর জোর দেন সাচিং প্রু জেরী। এ কাজে স্থানীয় জনগোষ্ঠীর প্রথাগত জ্ঞান কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে পাথর উত্তোলন বন্ধের উদ্যোগ নেওয়ার কথা জানান। মন্ত্রী বলেন, পানি না থাকলে আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। তাই বনাঞ্চল ও পানির উৎস রক্ষা করতে হবে।
কাপ্তাই হ্রদের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পার্বত্যমন্ত্রী। তিনি বলেন, কাপ্তাই হ্রদ এ অঞ্চলের জন্য আশীর্বাদ হবে, নাকি অভিশাপ, তা নির্ভর করছে এর সঠিক ব্যবস্থাপনার ওপর। হ্রদের নাব্যতা ফিরিয়ে আনা, ভাসমান বসতবাড়ির বর্জ্য ব্যবস্থাপনা এবং পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। হ্রদের পানি দূষণমুক্ত রাখা ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে এটি পাহাড়ের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে।
এ ছাড়া, পাহাড় ও সমতলের মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্ষুদ্র জাতিসত্তার মানুষের আয়করসংক্রান্ত যৌক্তিক বিষয়গুলোও সরকার বিবেচনায় নিয়েছে।
উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণে প্রতি দুই থেকে তিন মাস পরপর রাঙামাটি সফরের প্রতিশ্রুতিও দেন তিনি।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, স্থানীয় সরকারের উপপরিচালক রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।
সময়ের আলো/এসকে