কানাডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানল মাত্র এক দিনেই আয়তনে দ্বিগুণ হয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ বাড়িঘর

2026-08-10T03:05:48+00:00
2026-08-10T03:05:48+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
কানাডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:০৫ এএম 
রোববার ইউক্রেনের ওডেসা শহরে রুশ বাহিনীর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : ডেইলি মেইল
কানাডার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানল মাত্র এক দিনেই আয়তনে দ্বিগুণ হয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ কলাম্বিয়া (বিসি) ওয়াইল্ডফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ‘বাল্ড রেঞ্জ ফায়ার’ নামে পরিচিত এই দাবানল এখন প্রদেশটির সামারল্যান্ড, পিচল্যান্ডসহ কয়েকটি এলাকার প্রায় ৩৯ বর্গমাইলজুড়ে (১০৩ বর্গকিলোমিটার) ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার প্রথম দাবানলের খবর পাওয়ার পর থেকে এটি দ্রুত ভয়ংকর রূপ ধারণ করেছে। 

ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, দাবানল কর্মকর্তাদের একজন এই আগুনকে ‘বোমার বিস্ফোরণের’ সঙ্গে তুলনা করেছেন। এবি বলেন, ‘আগুনের শিখা এতই উঁচু যে, তা নিজের আবহাওয়া ব্যবস্থা তৈরি করছে; যেখান থেকে বজ্রপাত ঘটছে। বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। কিছু মানুষ পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে আটকা পড়েছিলেন এবং তাদের উদ্ধার করতে হয়েছে।’

জরুরি অবস্থা জারির ফলে প্রাদেশিক সরকার এখন যাতায়াত সীমিতকরণ, পণ্যের অতিরিক্ত দাম হাঁকানো বন্ধ করা এবং উদ্ধারকাজ সমন্বয়ের জন্য অতিরিক্ত সম্পদ ব্যবহার করার বিশেষ ক্ষমতা পাবে। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, সামারল্যান্ডের জনসংখ্যা প্রায় ১২ হাজার এবং পিচল্যান্ডে বসবাস করেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। 

ফায়ার সার্ভিসের দাবানল অপারেশন পরিচালক ক্লিফ চ্যাপম্যান জানান, সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় আটকে থাকা বহু মানুষ নিরাপদ স্থানে সরতে পারছে না। আকাশপথে তাদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে। দাবানল মোকাবিলায় নিয়োজিত সংস্থারগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা না থাকলে ফলাফল আরও ভয়াবহ হতে পারত বলে জানিয়েছেন চ্যাপম্যান।

গত শুক্রবার সন্ধ্যায় প্রথম শনাক্ত হওয়া ‘বল্ড রেঞ্জ’ দাবানলটি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ৫০ বর্গকিলোমিটার (১৯ বর্গমাইল) এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় প্রথমে ফল্ডার নামে ছোট একটি জনপদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 

পরে দ্রুত দাবানলটি প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) পথ পেরিয়ে সামারল্যান্ড শহরের কাছাকাছি পৌঁছে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, এবারের গ্রীষ্মে ব্রিটিশ কলাম্বিয়ায় সবচেয়ে বড় সরিয়ে নেওয়ার ঘটনা এটিই। এই দাবানলের কারণে প্রদেশজুড়ে ২০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। 


সামারল্যান্ডের মেয়র ডাগ হোমস রয়টার্সকে বলেন, ‘অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কতটি স্থাপনা ধ্বংস হয়েছে, তা এখনও জানা যায়নি। কর্মীরা এখনও আগুন নেভাতে ব্যস্ত। আমাদের সবচেয়ে খারাপ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।’ 

ব্রিটিশ কলাম্বিয়ার সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ ইন্টেরিয়র হেলথ জানিয়েছে, সামারল্যান্ডের কেয়ার হোম ও প্রবীণ নিবাসের শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আশপাশের ওকানাগান, পিচল্যান্ড ও ওকানাগান-সিমিলকামিন জেলাগুলোতেও সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। 

কানাডীয় সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, ওকানাগানের অনেক বাসিন্দা তাদের ঘোড়াগুলোকে সরিয়ে নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। যারা প্রাণী সরিয়ে নিতে পারছেন না, তারা গেট খুলে দিয়ে যাচ্ছেন এই আশায় যে, প্রাণীগুলো নিজেরাই নিরাপদ স্থানে চলে যেতে পারবে। কিছু মালিক তাদের প্রাণীদের গায়ে চিহ্নও এঁকে দিচ্ছেন, যাতে পরে সহজে শনাক্ত করা যায়।

এবারের গ্রীষ্মে কানাডাজুড়ে শত শত দাবানল ছড়িয়ে পড়েছে। গত জুলাইয়ে শুধু অন্টারিও প্রদেশেই প্রায় ২০০টি দাবানল জ্বলেছে; যার ধোঁয়ায় টরন্টোর বাতাসের মান কয়েক দিনের জন্য বিশ্বের সবচেয়ে খারাপগুলোর একটিতে পরিণত হয়েছিল। 

কানাডার দাবানলের ধোঁয়া মিনেসোটা ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এর জেরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।


সময়ের আলো/প্রিন্ট/এমকে


  বিষয়:   কানাডা  দাবানল  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: