চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
রোববার (৯ আগস্ট) সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনকে আদালতে হাজির করা হলে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ তথ্য জানান। তিনি বলেন, মামলার আসামি রিজভী আহমেদ অন্য একটি হত্যাচেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিতে সালমান শাহ হত্যার পরিকল্পনা ও চুক্তির বিষয়টি উল্লেখ করেছেন।
পিপি ফারুকী জানান, ওই স্বীকারোক্তিতে দাবি করা হয়েছে, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। এ সম্পর্কের জের ধরে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয় এবং ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করা হয়।
তবে আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা।
এর আগে রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডনকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করলেও আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে। প্রায় তিন দশক পর ঘটনাটি হত্যা মামলা হিসেবে তদন্তের মধ্যে ডনের গ্রেপ্তার এবং আদালতে রাষ্ট্রপক্ষের নতুন এই দাবি বিষয়টি আবারও আলোচনায় এনেছে।
সময়ের আলো/এমকে