হরমুজ নিয়ে ইরানের শর্তে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের ছাড় দাবি করেছে ইরান। তেহরানের এমন অবস্থানে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে

2026-08-10T13:06:28+00:00
2026-08-10T13:06:28+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ নিয়ে ইরানের শর্তে বাড়ছে তেলের দাম
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:০৬ পিএম 
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের ছাড় দাবি করেছে ইরান। তেহরানের এমন অবস্থানে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এর প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম সোমবার ১ শতাংশের বেশি বেড়েছে। স্থানীয় সময় সকাল ৪টা ৩০ মিনিটে অক্টোবরের ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪৩ ডলারে লেনদেন হচ্ছিল। ইরান-ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এই দাম প্রায় ১৬ শতাংশ বেশি।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, কোনো সুস্পষ্ট অগ্রগতি না হওয়া এবং সম্ভাব্য চুক্তির বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন থাকায় তেলের দামে ঝুঁকির প্রভাব রয়ে গেছে। প্রতিদিন কোনো সমাধান ছাড়াই পার হওয়ায় ব্যবসায়ীরা আরও সতর্ক হয়ে উঠছেন।

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ওয়াশিংটন তেহরানের নির্ধারিত কিছু শর্ত পূরণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ খুলবে না।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই জলপথে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত তিন দিনে মাত্র ৮ থেকে ১৫টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যুদ্ধ শুরুর আগে একই সময়ে প্রায় ১৩০টি জাহাজ এ জলপথ দিয়ে চলাচল করত।

ইরান বারবার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নিজেদের নিয়ন্ত্রণের অধিকার দাবি করে আসছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইনে অবাধ নৌচলাচল গুরুত্বপূর্ণ নীতি হলেও তেহরান অনুমোদিত পথ ছাড়া বাণিজ্যিক জাহাজ চলাচলের চেষ্টা করলে হামলার হুমকি দিয়েছে।

শনিবার সংযুক্ত আরব আমিরাতও ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলে। দেশটির দাবি, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মালিকানাধীন একটি জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে ঘিরে অন্তত ৬৪টি সহিংস ঘটনা ঘটেছে এবং এতে ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনার বেশির ভাগের জন্য ইরানকে দায়ী করা হয়েছে।

জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হলেও সোমবার এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের প্রধান সূচকগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি এবং হংকংয়ের হ্যাং সেং সূচক উভয়ই শূন্য দশমিক ৭ শতাংশ করে বেড়েছে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের সূচকগুলো সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান-সংক্রান্ত তথ্য প্রকাশের পর মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমেছে—এমন প্রত্যাশায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।

বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, হরমুজ প্রণালি খুলতে দ্রুত কার্যকর কোনো চুক্তি হবে কি না, তা নিয়ে বাজারে সংশয় থেকেই তেলের দাম বাড়ছে।

তিনি বলেন, শেষ পর্যন্ত কোনো চুক্তি হলেও তা কতটা টেকসই হবে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। অতীতে এ ধরনের সমঝোতা ভঙ্গুর প্রমাণিত হয়েছে। ফলে কূটনৈতিক সমাধান হলেও তেলের দাম খুব বেশি কমার সম্ভাবনা সীমিত থাকতে পারে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  যুদ্ধ  হুমুজ প্রণালী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: