সাফল্য কারও মুকুটের পালক, ব্যর্থতা কারও নতুন সূচনা

ড. মো. আনোয়ার হোসেন

মতামত

১০ আগস্ট, ২০২৬ বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে লাখো প্রাণের আবেগ, উৎকণ্ঠা ও বহু

2026-08-11T06:17:36+00:00
2026-08-11T06:17:36+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মতামত
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
সাফল্য কারও মুকুটের পালক, ব্যর্থতা কারও নতুন সূচনা
ড. মো. আনোয়ার হোসেন
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:১৭ এএম 
গ্রাফিক : সময়ের আলো
১০ আগস্ট, ২০২৬ বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে লাখো প্রাণের আবেগ, উৎকণ্ঠা ও বহু রাতের জাগরণ একাকার হয়ে ধরা দিয়েছে। কারও ঘরে আজ আনন্দের জোয়ার, আবার কারও চোখে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর নীরব প্রত্যয়।

জীবনের প্রথম বড় প্রাতিষ্ঠানিক বাধা পেরিয়ে আজ যারা বিজয়ের মুকুটে সাফল্যের নতুন পালক যুক্ত করেছ, তোমাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। এই আনন্দঘন মুহূর্তে পরম করুণাময়ের প্রতি গভীর শুকরিয়া জ্ঞাপন করো। আজকের এই অভাবনীয় অর্জনের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, সেই পরম অভিভাবক ও পিতা-মাতার প্রতি গভীর শ্রদ্ধা জানাও। তোমাদের প্রতিটি সফলতার পেছনে রয়েছে তাদের অন্তহীন ত্যাগ, প্রার্থনা, বিনিময়হীন ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রমের এক অনন্য মহাকাব্য।

সাফল্যের এই আনন্দ যেন কাউকে অহংকারী করে না তোলে। বরং আচরণে আরও বেশি বিনয়ী ও নম্র হতে হবে। বিনয়ই একজন প্রকৃত জ্ঞানীর প্রধান ভূষণ। এই সুবর্ণ অর্জনকে পাথেয় করে জীবনের পরবর্তী লক্ষ্য নির্ধারণের এখনই উপযুক্ত এবং মোক্ষম সময়।

শিক্ষাজীবনের এই চমৎকার ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি, কারণ সামনের পথ আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে। শুধু জিপিএ-৫ প্রাপ্তির অন্ধ প্রতিযোগিতায় না ছুটে প্রকৃত জ্ঞানার্জনকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। তবেই তোমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষার সঠিক মূল্যায়ন সম্ভব হবে।

আজকের এই আনন্দের দিনে তোমাদের উচিত পেছনে পড়ে থাকা সহপাঠীদের পাশে পরম মমতায় দাঁড়ানো এবং তাদের সাহস জোগানো। একাকী উদযাপনের চেয়ে সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার মাঝেই লুকিয়ে আছে প্রকৃত সুখ ও মানবিকতা। যৌবনের এই সন্ধিক্ষণে সব ধরনের কুসঙ্গ বর্জন করা ভীষণ প্রয়োজন, কারণ একটি ভুল মেলামেশা ধ্বংস করে দিতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ। নিজের অন্তরে গভীর দেশপ্রেম জাগ্রত কর। দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করার শপথ নেওয়ার এটাই সবচেয়ে আদর্শ ও উপযুক্ত সময়।


সময়ের সঠিক ব্যবহার এবং সময় সচেতনতা প্রতিটি সফল মানুষের জীবনের মূল চাবিকাঠি হিসেবে গণ্য হয়ে থাকে। পড়াশোনায় গভীরতা আনো, যেন প্রতিটি বিষয় শুধু পরীক্ষার জন্য না পড়ে বাস্তব জীবনে প্রয়োগ করার মতো গভীর জ্ঞান অর্জন করা সম্ভব হয়।

পড়াশোনার পাশাপাশি নিজের শারীরিক সুস্থতা বজায় রাখা সমান গুরুত্বপূর্ণ, কারণ সুস্থ দেহে শিক্ষাচর্চা নিখুঁত ও ফলপ্রসূ হয়। এর সঙ্গে সঙ্গে মানবিক মূল্যবোধ চর্চা করা উচিত। সৎ, যোগ্য এবং আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

একই সঙ্গে বিপদাপদে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহায্যকারীদের কখনো ভুলে যেও না। কৃতজ্ঞতাবোধ মানুষকে সমাজের বুকে অনন্য উচ্চতায় আসীন করে। আজকের এই বিশেষ দিনে সফলদের মন থেকে অকৃতকার্য সহপাঠীদের প্রতি গভীর ভালোবাসা ও সহানুভূতিশীল হওয়া উচিত। মনে রেখ, একটি সাময়িক পরীক্ষা কখনো কারও মেধার চূড়ান্ত মাপকাঠি হতে পারে না। তাই বন্ধুদের বুকে টেনে নিয়ে সান্ত্বনা ও সাহস জোগানো প্রয়োজন।

এবার আসি তাদের কথায়, যাদের ফলাফল আজ আশানুরূপ হয়নি। ফেল করেও চরম অধ্যবসায়ের মাধ্যমে পৃথিবীতে অনেক বড় বড় মানুষ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলভা এডিসন কিংবা স্টিভ জবসের মতো মহৎ ব্যক্তিত্বরা সাময়িক ব্যর্থতাকে জয় করেই বিশ্বকে একদা বদলে দিয়েছিলেন।

মনের ভেতর জমে থাকা সমস্ত হতাশা বর্জন কর, কারণ হতাশাজনক চিন্তা মানুষকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দেয়। বুকভরা ধৈর্য ধারণ কর, কেননা ধৈর্যশীল ব্যক্তিরাই জীবনের কঠিনতম যুদ্ধে শেষ পর্যন্ত বিজয়ী হয়ে বীরের বেশে ঘরে ফিরে আসে। কোথায় ভুল ছিল তা খুঁজে বের করে দ্রুত ভুল সংশোধন করার উদ্যোগ গ্রহণ কর। নতুন উদ্যমে আবার পথ চলা শুরু করতে হবে। 

অতীতকে পেছনে ফেলে বর্তমানকে কাজে লাগিয়ে নতুন করে যুদ্ধ করার নামই তো আসল মানবজীবন। নিজের হারানো আত্মবিশ্বাস পুনরায় শক্তভাবে তৈরি করো, কারণ আত্মবিশ্বাসের জোরেই মানুষ হিমালয় জয় করতে সক্ষম হয়। মন থেকে সব ধরনের নেতিবাচকতা চিরতরে দূর করে দাও। ইতিবাচক চিন্তাই মনের সব গ্লানি মুছে নতুন দিনের আলো দেখাতে সাহায্য করে।

এই সাময়িক ব্যর্থতা থেকে গভীর অভিজ্ঞতা শিক্ষণ লাভ করো, যা তোমাদের আগামী দিনের পথচলাকে আরও সুগম করবে। যদি একটি পথ বন্ধ হয়ে যায়, তবে জীবনের বিকল্প চিন্তা ও অন্য কোনো সম্ভাবনার দুয়ার উন্মোচন করার চেষ্টা করো। অভিজ্ঞ শিক্ষক, অভিভাবক কিংবা শুভাকাক্সক্ষীদের কাছ থেকে সঠিক পরামর্শ গ্রহণ করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। জীবনের ভুলত্রুটি শুধরে নিয়ে এখন থেকে নিয়মিত অনুশীলন শুরু করো, যেন আগামীতে যেকোনো পরীক্ষায় তোমরা সেরা সাফল্য ছিনিয়ে আনতে পারো।

পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করা এবং ফাঁকিবাজি পরিহার করা তোমাদের এখনকার প্রধান এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সময়ের সঠিক ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, কারণ সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়- এই প্রবাদ চিরন্তন সত্য।

মনের ভেতর এক বুক পজিটিভ জেদ তৈরি করো, যা তোমাকে ঘুমাতে দেবে না এবং লক্ষ্য অর্জনে প্রতিনিয়ত তাগিদ দেবে। পরাজয়ের মেঘ কেটে গিয়ে তুমি আবার পূর্বের ন্যায় প্রাণচঞ্চল ও হাসিখুশি হয়ে উঠবে, এটাই আজ সবার প্রত্যাশা। সাময়িক এই খারাপ ফলাফলকে সহজভাবে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ বাস্তবতাকে অস্বীকার করে কখনো সামনে এগিয়ে যাওয়া যায় না। এই কঠিন সময়ে নিজেকে একা না রেখে পরিবার ও বন্ধুদের সান্নিধ্যে কাটাও। একাকিত্ব মনের ভেতরের কষ্টকে দ্বিগুণ বাড়িয়ে দেয়।

আজকের পর থেকে প্রতিটা কাজে সময়নিষ্ঠা বজায় রাখার দৃঢ় সংকল্প করো। প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান, তাই অলসতায় সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করলে সাফল্য আসবেই, এটা সুনিশ্চিত।

কেবল সার্টিফিকেট অর্জন করা শিক্ষার মূল উদ্দেশ্য নয়। বরং চরিত্র গঠন করা, মানুষের মতো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত লক্ষ্য। সুশিক্ষায় শিক্ষিত হয়ে কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণ করার মধ্যেই রয়েছে ছাত্রজীবনের সার্থকতা। সমাজকে ইতিবাচকভাবে বদলে দেওয়া, উন্নত দেশ গড়া প্রতিটি শিক্ষার্থীরই দায়িত্ব। আজ যারা উত্তীর্ণ হয়েছে তারা এই দায়িত্ব পালনের পথে একধাপ অগ্রসর হলো। 

আর যারা আজ লক্ষ্যচ্যুত হয়েছ, তোমাদের মনে রাখতে হবে যে, এই জীবনটি একটি দীর্ঘ ম্যারাথন দৌড়ের মতো। একটি মাত্র স্টেশনে পিছলে পড়ার অর্থ এই নয় যে তোমরা জীবনের মূল রেস থেকে চিরতরে ছিটকে পড়েছ।

ভুলগুলো ডায়েরিতে লিখে রাখো এবং নতুন করে রুটিন তৈরি করে আজ থেকেই টেবিলে বসে যাও। পরিশ্রম কখনো কোনো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। আজ যে অশ্রু চোখ দিয়ে ঝরছে, আগামীতে তাই সাফল্যের হাসিতে রূপান্তরিত হবে।

অভিভাবকদের প্রতি অনুরোধ, এই সংবেদনশীল সময়ে সন্তানদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন এবং তাদের তিরস্কার না করে পরম মমতায় বুকে জড়িয়ে নিন। আপনাদের একটুখানি সান্ত্বনা ও ভালোবাসা তাদের নতুন করে বাঁচার অক্সিজেন জোগাতে পারে।

শিক্ষকদের উচিত এই মুহূর্তে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত যত্ন নেওয়া এবং তাদের ভেতরের সুপ্ত মেধা ও প্রতিভাকে জাগ্রত করা। আপনাদের একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক বাণী যেকোনো শিক্ষার্থীর জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে।

এই সমাজ যেন ব্যর্থদের উপহাস না করে, বরং তাদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সমানভাবে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ২০২৬ সালের এই এসএসসি ও সমমানের ফলাফল আমাদের তরুণ সমাজের মেধা, শ্রম, একাগ্রতা এবং ধৈর্যশীলতার এক অনন্য ও জীবন্ত দলিল। 

এই ফলাফলকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হোক এক নতুন ও ইতিবাচক কর্মচাঞ্চল্য। সাফল্য যেমন চিরস্থায়ী নয়, তেমনি একটি ব্যর্থতাও কখনো জীবনের শেষ সীমানা নির্ধারণ করতে পারে না। জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রতিনিয়ত লড়াই করার মাঝে। এই লড়াইটা সবার জন্যই সমান। যারা উত্তীর্ণ হয়েছে তাদের যেমন, যারা অনুত্তীর্ণ হয়েছে তাদেরও তেমন লড়াই চালিয়ে যেতে হবে।

আজকের এই ঐতিহাসিক দিনে সব কৃতকার্য শিক্ষার্থীকে অভিনন্দন এবং অকৃতকার্যদের জন্য রইল আগামী দিনের এক নতুন ও দীপ্তিময় সূচনার শুভকামনা এবং তোমাদের পরবর্তী এইচএসসি পরীক্ষার ফলাফলেও সফলতায় উদ্বেলিত হয়ে নতুন লেখা নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা রইল। তোমরা সবাই মিলে এই প্রিয় বাংলাদেশকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এই প্রত্যাশা এই নিবন্ধের সমাপ্তি টানছি।

প্রাবন্ধিক
মতামত লেখকের নিজস্ব

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   সাফল্য  মুকুট  পালক  ব্যর্থতা  নতুন সূচনা 


Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: