অস্ত্রের মুখে জিম্মি করে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর পোরগোলা গ্রামে একটি বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ২৫ ভরি স্বর্ণালংকার, ১ কেজি রৌপ্য, নগদ টাকা, মোবাইল ফোন এবং ২টি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাতে কদমতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পোরগোলা গ্রামের খালিদ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, রান্নাঘরের পূর্ব পাশের বেড়া/দেয়ালে সিঁদ কেটে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে।এরপর খালিদ হাওলাদারের মা মোছা. শামীমা বেগমের (৫৫) কক্ষে প্রবেশ করে রামদা প্রদর্শন করে কোনো ধরনের শব্দ না করার জন্য হুমকি দেয়। পরে পাশের কক্ষে থাকা তাঁর বড় ছেলে আরিফুল ইসলামের (২৮) কক্ষের দরজা খুলে দিতে বলে।
একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা চারজনের হাত বেঁধে কাঁথা দিয়ে ঢেকে দেয়। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা আনুমানিক ২৫ ভরি স্বর্ণালংকার, এক কেজি রৌপ্য, ৭টি মোবাইল ফোন, ৭০ হাজার টাকা, ৫টি হাতঘড়ি এবং দুটি মোটরসাইকেল নিয়ে গেছে। লুট হওয়া মোটরসাইকেল দুটির মধ্যে একটি নীল রঙের এফজেডএস ভি২, যার নম্বর খুলনা মেট্রো-ল-১৩-৩১৩০ এবং অপরটি সবুজ রঙের এফজেডএস ভি৪, যার নম্বর পিরোজপুর-ল-১১-৪০৫৪।
এছাড়া ডাকাতরা পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের দুটি চেক, দুটি এটিএম কার্ড নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলা হওয়ার পরে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আতা