লেবাননে ‘মৃত্যুদণ্ড’ বাতিল করে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে লেবানন মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে। দেশটির সংসদ এ সংক্রান্ত নতুন একটি আইন পাস করেছে। সংসদের স্পিকারের কার্যালয়ের

2026-08-11T23:00:03+00:00
2026-08-11T23:00:03+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ‘মৃত্যুদণ্ড’ বাতিল করে আইন পাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:০০ পিএম 
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে লেবানন মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে লেবানন মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে। দেশটির সংসদ এ সংক্রান্ত নতুন একটি আইন পাস করেছে। সংসদের স্পিকারের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েক দফার সংশোধনীর পর মঙ্গলবার (১১ আগস্ট) আইনপ্রণেতারা ওই বিলে স্বাক্ষর করায় সেটি আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সাজা বাতিলকারী প্রথম দেশের নজির গড়লো লেবানন।  

মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের ১২৮ সদস্যের সংসদের সংখ্যাগরিষ্ঠ অংশ মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্তির পক্ষে ভোট দিয়েছে। তবে দেশটির ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংসদীয় সদস্যরা মৃত্যুদণ্ড বাতিলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। 

সংসদে দেওয়া বক্তৃতায় দেশটির বিচারমন্ত্রী আদেল নাসার, মৃত্যুদণ্ড বাতিলের এই প্রচেষ্টাকে দেশের জন্য ‌‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। নতুন ব্যবস্থার মাধ্যমে মৃত্যুদণ্ড বাতিল করে তার পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান চালু করেছে মধ্যপ্রাচ্যের এই দেশ।

লেবানন ২০০৪ সালের জানুয়ারি থেকে প্রথাগত মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখলেও দেশটির আদালতের বিচারকরা কয়েক ডজন মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিলেন। 

লেবাননের বিচার মন্ত্রণালয়ের কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ দেশটিতে ৮৫ জন ব্যক্তি মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক হেবা মোরায়েফ মৃত্যুদণ্ড বাতিলের এই পদক্ষেপের প্রশংসা করে লেবাননের জন্য ‘বিশাল মাইলফলক’ এবং ‘মানবাধিকারের বড় বিজয়’ বলে অভিহিত করেছেন। 


মোরায়েফ বলেন, দুই দশকেরও বেশি সময় মৃত্যুদণ্ড বন্ধ থাকার পর আজকের এই পদক্ষেপ কার্যকরের অনিশ্চিত বিরতিকে একটি স্থায়ী আইনি সুরক্ষায় রূপান্তর করেছে, যা জীবনের অধিকারকে সমুন্নত এবং লেবাননকে মৃত্যুদণ্ড বিলুপ্তির বৈশ্বিক ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে।

লেবাননে মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, এই সাজা কীভাবে কার্যকর করা হবে তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। দেশটির কয়েকজন আইনপ্রণেতাও বলেছেন, নতুন শাস্তির নিয়ম ও শর্তগুলো এখনো স্পষ্ট করা হয়নি।

লেবাননের আইন ও আদালতের রায়ে সশ্রম কারাদণ্ডের বিধান থাকলেও অর্থনৈতিক সংকট ও কারাগারে পর্যাপ্ত জায়গার অভাবে গত কয়েক বছরে এই সাজা খুব কমই কার্যকর হয়েছে।

এদিকে মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন লেবাননের সংসদ একটি সাধারণ ক্ষমা আইন নিয়ে আলোচনা করছে। ১৯৯০ সালে ১৫ বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটি হতে পারে দেশটির সবচেয়ে বড় ক্ষমা আইন। এই আইনের মাধ্যমে সংঘাত বা সহিংসতার ঘটনায় দোষী সাব্যস্ত কিছু ব্যক্তির সাজা কমানো বা তাদের মুক্তি দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে এই আইনের বিরোধিতা করছেন হামলায় নিহত লেবাননের সেনা ও সেনাসদস্যদের পরিবারের সদস্যরা। তারা বিভিন্ন সময়ে বিক্ষোভ করে জানিয়েছেন, স্বজনদের হত্যাকারীদের সাজা কমানো বা মুক্তি নয়, বরং তারা মৃত্যুদণ্ড চান।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   মধ্যপ্রাচ্য  মৃত্যুদণ্ড  বাতিল  লেবানন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: