প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৫৪ এএম আপডেট: ১২.০৮.২০২৬ ১১:১১ এএম
ছবি : সংগৃহীত অবশেষে বদলি করা হয়েছে টাঙ্গাইলের আলোচিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তকে (১৭৫৪৪)। তাকে টাঙ্গাইল থেকে ঢাকার মিরপুরে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরহান হোসেন স্বাক্ষরিত পৃথক এক পত্রে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুল ইসলাম প্রিন্সকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ২৯ জুলাই দৈনিক সময়ের আলোতে ‘অফিসেই মাদকের টাকা লেনদেন অতিরিক্ত জেলা প্রশাসকের, ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সঞ্জয় কুমার মহন্তকে ঘিরে মাদকের টাকা লেনদেনের অভিযোগ ও একটি ভিডিও ভাইরালের বিষয়টি তুলে ধরা হয়।
প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে ওই অভিযোগের বিষয়ে কোনো তদন্তের ফলাফল বা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেছে কি না, তা বদলির প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এদিকে সঞ্জয় কুমার মহন্তের বদলির মধ্য দিয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদে পরিবর্তন এসেছে। তার স্থলাভিষিক্ত হিসেবে মো. আরিফুল ইসলাম প্রিন্সকে পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে