যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) নতুন প্রধান মোহসেন রেজায়ি।
মঙ্গলবার তেহরানে চীনের রাষ্ট্রদূত জং পিয়ুর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। রেজায়ি বলেন, হরমুজ প্রণালী পুরোপুরি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং তেহরানের জব্দ করা অর্থ ছাড়তে হবে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন করে ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলবে না।’
গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে আরও কিছু শর্ত জানানো হয়েছে বলেও জানান রেজায়ি। তবে এসব শর্তের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত মার্চের শুরু থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচল সীমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এ পরিস্থিতিতে কৌশলগত জলপথটি পুনরায় খুলতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
বৈঠকে চীনের রাষ্ট্রদূত জং পিয়ু ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার বিরোধিতা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চার দফা উদ্যোগ প্রস্তাব করেছেন।
সময়ের আলো/কেএইচ