কক্সবাজারের উখিয়ায় অপহরণের এক মাস পর ২ মাদরাসাছাত্রকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো- থাইংখালী এলাকার বাসিন্দা ও আপন দুই ভাই শফিকুল (১৩) ও শহিদুল (১১)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় নিজ বাড়ি থেকে শফিকুল ও শহিদুল অপহৃত হয়। এরপর থেকেই তাদের উদ্ধারে পুলিশ অভিযান ও অনুসন্ধান চালিয়ে আসছিল। দীর্ঘ প্রায় এক মাস চেষ্টার পর ১১ আগস্ট তাদেরকে উদ্ধার ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিশুদেরকে বাবার বুকে ফিরিয়ে দিতে পারায় উখিয়া থানা ও কক্সবাজার জেলা পুলিশ সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি উদ্ধারে বিভিন্নভাবে সহযোগিতা করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজাদ বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সময়ের আলো/মহু