শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত তার সরকারি বাসভবন থেকে তাদের আটক করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আপত্তিকর তথ্য পায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। গভীর রাত পর্যন্ত ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শেরপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়। এ সময় সহকারী পরিচালকের কক্ষ থেকে মদের বোতল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে পুলিশি হেফাজতে নিয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহকারী পরিচালক মো. রুস্তম আলী দাবি করেছেন— ওই নারী তার দূরসম্পর্কীয় শালি এবং তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। তবে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে কোনো আপত্তিকর তথ্য পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই