শ্রীপুরে জমি নিয়ে বিরোধ, ২০ ঘণ্টা পর পানিভর্তি ধানখেতে আদিবাসী নারীর দাফন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় ২০ ঘণ্টা মরদেহ নিয়ে অপেক্ষার পর অবশেষে পানিভর্তি ধানখেতেই এক আদিবাসী নারীর দাফন সম্পন্ন

2026-08-12T17:06:56+00:00
2026-08-12T17:06:56+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
শ্রীপুরে জমি নিয়ে বিরোধ, ২০ ঘণ্টা পর পানিভর্তি ধানখেতে আদিবাসী নারীর দাফন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০৬ পিএম 
পানিভর্তি ধানখেতেই এক আদিবাসী নারীর দাফন। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় ২০ ঘণ্টা মরদেহ নিয়ে অপেক্ষার পর অবশেষে পানিভর্তি ধানখেতেই এক আদিবাসী নারীর দাফন সম্পন্ন হয়েছে। মৃত নারী শ্রীমতি মেনোকা (৬০) মান্দাই সম্প্রদায়ের অনুসারী ছিলেন। বাড়ির পাশে কবর খননে বাধা দেওয়ায় পরিবারের লোকজন নিরুপায় হয়ে ধানখেতের পানি সেচে সেখানে তার দাফনের ব্যবস্থা করেন।

বুধবার বেলা ১১টার দিকে সরেজমিন দেখা যায়, উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে বসতবাড়ির বারান্দায় মেনোকার মরদেহ রেখে স্বজনরা অপেক্ষা করছেন। বাড়ির দেওয়াল ঘেঁষে কবর খননের চেষ্টা করা হলেও তাতে বাধা দেওয়া হয়। এ নিয়ে দুপুরের পর থেকে রাত পর্যন্ত কয়েক দফা সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে মরদেহটি প্রায় সারা রাত বসতবাড়ির বারান্দায় রেখে দফায় দফায় সালিশি বৈঠক করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাবেক জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কবর দেওয়ার জায়গা নিয়ে চলা বিরোধের কোনো সুরাহা হয়নি।



স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মান্দাই ধর্মের অনুসারী শ্রীমতি মেনোকা বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দুপুরের দিকে মারা যান। তিনি ওই গ্রামের শ্রী গোপালের স্ত্রী। দীর্ঘ কয়েক দশক ধরে গোপাল সপরিবারে আক্তাপাড়া গ্রামে বসবাস করে আসছেন।

পরিবারের দাবি, প্রায় এক বছর আগে প্রতিবেশী ছফর উদ্দিনের কাছ থেকে এক শতাংশ জমি কেনেন গোপাল। তবে মিউটেশন বা নামজারি জটিলতার কারণে জমিটি রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। পরিবারের ভাষ্য অনুযায়ী, জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং জমির পুরো টাকা পরিশোধ করার পরও বর্তমানে ছফর উদ্দিন জমি বিক্রির বিষয়টি অস্বীকার করছেন। এই বিরোধের কারণেই মেনোকার মরদেহ বাড়ির পাশে দাফন করতে বাধা দেওয়া হয়।

মৃত মেনোকার ভাই নিধারণ বলেন, এক শতাংশ জমি কেনা হয়েছিল এই আশায় যে, পরিবারের কেউ মারা গেলে ঘরের পাশে মাটি দেওয়া যাবে। কিন্তু এখন সেই জমি বিক্রির বিষয়টিই অস্বীকার করা হচ্ছে। কবর খনন করতে গেলে ছফর উদ্দিন ও তার পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে বাধা দেন। স্থানীয় সাবেক চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা অনেক চেষ্টা করেও বিষয়টি সমাধান করতে পারেননি।

মেনোকার ছেলে শ্রী সুনিল বলেন, মায়ের মরদেহ নিয়ে আমরা সারা রাত জেগে বসে ছিলাম। মেম্বার, চেয়ারম্যান ও পুলিশের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি। কয়েক দফা সালিশ হয়েছে, কিন্তু কবর খনন করতে দেওয়া হয়নি। আমরা খুব সহায়-সম্বলহীন অবস্থায় পড়েছিলাম। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাড়ির পাশের ধানখেতের পানি সেচে সেখানে মায়ের দাফনের ব্যবস্থা করি।


সব অভিযোগ অস্বীকার করে জমির মালিক দাবিদার ছফর উদ্দিন বলেন, আমি তার কাছে কোনো জমি বিক্রি করিনি এবং কোনো টাকাপয়সাও নিইনি। তাই আমার জমিতে ওই নারীকে দাফন করতে দেব না।

মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বলেন, বিষয়টি মীমাংসার জন্য ছফর উদ্দিনকে অনেক বোঝানো হয়েছে। কিন্তু তিনি কারও কথা শোনেননি। এ কারণে দীর্ঘ সময় মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ সাধ্যমতো বিষয়টি সমাধানের চেষ্টা করেছে। তবে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকায় তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবারকে আইনগত প্রতিকার পেতে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিশেষে, দীর্ঘ প্রায় ২০ ঘণ্টা মরদেহ নিয়ে অপেক্ষার পর শেষ পর্যন্ত ধানখেতের পানি সেচে জায়গা প্রস্তুত করে মেনোকার দাফন সম্পন্ন হয়। জমি নিয়ে বিরোধের জেরে একজন নারীর মরদেহ দাফনে এমন অমানবিক দীর্ঘ অপেক্ষার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পানিভর্তি  ধানখেত  আদিবাসী নারী  দাফন  শ্রীপুর  জমি নিয়ে বিরোধ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: