নরসিংদীতে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও নারী নির্যাতনের অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুরে গত ২ আগস্ট দুই গ্রুপের সংঘর্ষে মোমেন মিয়া নামে একজন নিহত হওয়ার ঘটনায় ১১ আগষ্ট যৌথ

2026-08-13T15:08:07+00:00
2026-08-13T15:09:16+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
নরসিংদীতে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও নারী নির্যাতনের অভিযোগ
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:০৮ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৩:০৯ পিএম
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীরা। ছবি : সময়ের আলো
নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুরে গত ২ আগস্ট দুই গ্রুপের সংঘর্ষে মোমেন মিয়া নামে একজন নিহত হওয়ার ঘটনায় ১১ আগষ্ট যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের পর প্রতিপক্ষের হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীদের ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ফরিদ উদ্দিন গ্রুপের সমর্থকেরা।

বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার ঘটনায় সওদাগরকান্দি গ্রামে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে ফরিদ উদ্দিন গ্রুপের অধিকাংশ পুরুষ সদস্য এলাকা ছেড়ে চলে যান। পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার গ্রুপের সমর্থকেরা ফরিদ উদ্দিন গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেন তারা।


এসময় মওলা, সাহিদা আক্তার, রিমিসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে জানান, ওই সময় গ্রামটি অনেকটা পুরুষশূন্য হয়ে পড়ায় বাড়িতে থাকা নারীরা হামলা ও লুটপাটে বাধা দেন। কিন্তু হামলাকারীরা নারীদের বাধা উপেক্ষা করে তাদের মারধর করেন। একপর্যায়ে একজন নারীর হাতে গুলিও করা হয় বলে অভিযোগ করা হয়। এছাড়া, নারীদের গলা ও কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং আলমারি ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেওয়ার অভিযোগও করেন তারা।

সংবাদ সম্মেলনে ফরিদ উদ্দিন গ্রুপের সমর্থকেরা দাবি করেন, হামলা ও লুটপাটের ঘটনায় তাদের প্রায় ১৭১টি ঘরবাড়ি, প্রায় ১০টি দোকান, ৭৫টি গরু চুরি ও একটি গ্যারেজ ভাঙচুর করা হয়েছে। এ সময় দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, শতাধিক রাজহাঁস এবং প্রায় ৫০ থেকে ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেন তারা।

এছাড়া, নারীদের সঙ্গে অশালীন আচরণ ও পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা। বিশেষ করে একজন গর্ভবতী নারীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগী ও তার সমর্থকরা। 

তবে, এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান মোমেন সরকার গ্রুপের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে দুই পক্ষের বিরোধ আরও জটিল আকার ধারণ করতে পারে।

এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘অভিযানের পর ২ গ্রুপের সংঘর্ষের কথা শুনেছি। এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে বলে জানতে পেরেছি। তবে, এখনো কারো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   নরসিংদী  প্রতিপক্ষ  হামলা  নারী  নির্যাতন  অভিযোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: