ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বালুর ঘাটে ইজারাদারের কর্মচারী ও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সারোয়ার জাহান ওরফে বাচ্চুকে মারধরের অভিযোগ এবং এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার একদিন পরই তার বদলির আদেশ এলো।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বুধবার (১২ আগস্ট) ত্রিশাল উপজেলার কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় একটি বালু বিক্রির পয়েন্টে অভিযান চালানোর সময় সারোয়ার জাহান ওরফে বাচ্চুকে মারধরের অভিযোগ ওঠে ইউএনও আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে। এ ঘটনার প্রায় তিন মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে একজন ব্যক্তিকে ইউএনও থাপ্পড় দেওয়ার পাশাপাশি লাঠি দিয়ে আঘাত করছেন— এমন দৃশ্য দেখা যায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ইজারাদার পক্ষের দাবি, অভিযানে আসা কর্মকর্তাদের পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে সারোয়ারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বলে দাবি করা হয়।
ঘটনাটি নিয়ে ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীর বক্তব্য জানতে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানিয়েছিলেন, তিনি ভিডিওটি দেখেছেন। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পরদিনই ইউএনও আরাফাত সিদ্দিকীকে ত্রিশাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলির প্রজ্ঞাপন জারি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা চলছে। তবে প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে বুধবারের ঘটনাটির কোনো উল্লেখ করা হয়নি, সেখানে জনস্বার্থে এ আদেশ জারির কথা বলা হয়েছে।
বদলির ফলে আরাফাত সিদ্দিকীর ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বের অবসান হলো।
সময়ের আলো/জোই