কে পাচ্ছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন?

সাব্বির আহমেদ

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচন এখন অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই জয়ী হবেন এবং বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হবেন এটি

2026-08-14T05:30:54+00:00
2026-08-14T05:31:20+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
রাজনীতি
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
কে পাচ্ছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন?
সাব্বির আহমেদ
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:৩০ এএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৫:৩১ এএম
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি নির্বাচন এখন অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই জয়ী হবেন এবং বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হবেন এটি এখন নিশ্চিত। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনের নতুন মুখ কে আসবে সামনে? অর্থাৎ মির্জা পরিবারের হাল ধরবেন কে? আলোচনায় আছেন মির্জা ফখরুলের আপন ছোট ভাই ও তার বড় মেয়ে। যদিও এর চূড়ান্ত সিদ্ধান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই নেবেন বলে জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ আগস্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। সহযোগিতা করার জন্য সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা থাকবেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় জামায়াত নেতৃত্বাধীন ঐক্যের প্রার্থীর একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিকালে জোটের তরফে আরেকটি মনোনয়নপত্র জমা দেয়। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমার বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, যাচাই-বাছাইয়ে প্রথমটা বৈধ হয়ে গেছে, দ্বিতীয়টা বাছাইয়ের দরকার নেই। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রয়েছে ১৮ আগস্ট, সংসদ কক্ষে ভোট হবে ২০ আগস্ট।

বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর স্বাভাবিক নিয়মে তার সংসদীয় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। এই আসনে দলীয় প্রার্থী হিসেবে এই মুহূর্তে দুজনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন— জেলা বিএনপির সভাপতি ও মির্জা  ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন এবং মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা।

স্থানীয় বিএনপি নেতারা সময়ের আলোকে বলেন, আর কয়েক দিন গেলে শূন্য আসনে প্রার্থীর বিষয়টি আরও পরিষ্কার হবে। তবে ৫ আগস্টের পর মির্জা ফয়সাল আমিনকে নিয়ে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কাছে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পটপরিবর্তনে এলাকায় বেশ কিছু বিতির্কত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে সমালোচিত হয়েছেন মির্জা ফখরুলের ছোট ভাই। আর মেয়ে সেই অর্থে রাজনীতির মাঠেই পা রাখেননি এখন পর্যন্ত।


মির্জা ফখরুলের ঘনিষ্ঠ এক নেতা সময়ের আলোকে বলেন, কে তার আসনে প্রার্থী হবেন তা ফখরুল স্যার নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর দায়িত্ব ফখরুল স্যারকেই দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার সম্মার্থে এখানে দল গতানুগতিক কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। তার মেয়েকে রাজনীতিতে আনলে তার মতো ক্লিন ইমেজের নেতা পাবে ঠাকুরগাঁওবাসী। যদিও তার ভাই মির্জা ফয়সাল আমিন অন্য কাউকে প্রার্থী মেনে নেয় কি না সেটি দেখার বিষয়। কারণ অভ্যন্তরীণ রাজনীতি তো আছেই। তবে এটি নিশ্চিত মির্জা ফখরুলের উত্তরাধিকারী মির্জা পরিবারের বাইরে যাবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায়। তার বাবা মির্জা রুহুল আমিন এবং মা মির্জা ফাতেমা আমিন। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী। তিনি দুবার পাকিস্তান প্রাদেশিক আইন সভার সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। ছিলেন এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্য।

বাবার মতো রাজনীতির পথ ধরলেও তিনি জাতীয় রাজনীতিতে হাতেখড়ি নেন আবদুল হামিদ খান ভাসানীর দল ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপে। সেখান থেকে শিক্ষকতা, সরকারি চাকরি ছেড়ে সার্বক্ষণিক রাজনীতিতে যোগ দেন। মির্জা ফখরুল ১৯৯০ সালে যোগদান করেন বিএনপিতে। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং পরে দলের নির্বাহী কমিটির সদস্য হন। তারপর ধাপে ধাপে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে উঠে আসেন।

২০১১ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। এরপর ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলটির মহাসচিব নির্বাচিত হন। সেই থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন কৃষক ফ্রন্ট থেকে আসা এই নেতা। বিএনপির নেতৃত্বের শীর্ষ পর্যায়ে আসার আগে মির্জা ফখরুল দলটির কৃষক সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহ-সভাপতি এবং পরে সভাপতির দায়িত্বে ছিলেন দীর্ঘদিন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অবসরে গেছেন। দুই মেয়ে শামারুহ মির্জা ও সাফারুহ মির্জাকে নিয়ে তাদের সংসার।


বড় মেয়ে শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং এ প্রতিষ্ঠানে একজন শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে একটি স্কুলে শিক্ষকতা করছেন। মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যানও ছিলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার খবরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উল্লাস করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও সেøাগান দিতে দেখা গেছে তাদের। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তারা একে অন্যকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়নে শুধু ঠাকুরগাঁও নয়, সারা দেশের মানুষ আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করেছেন এবং কারাবরণও করেছেন। তার ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের মানুষের গর্ব। তার মনোনয়নের খবরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেন, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত। তবে এই আনন্দ শুধু পরিবারের নয়, ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানুষের। দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মির্জা ফখরুল রাজনীতি করেছেন উল্লেখ করে তার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চান তিনি।
তবে কারও কারও কিছুটা মন খারাপ। এর কারণ ব্যাখ্যা করে বিএনপি নেতারা বলেন, আমরা চেয়েছিলাম তিনি আমাদের মাঝে থাকুক। প্রতি সপ্তাহে মির্জা ফখরুল স্যার এলাকায় আসতেন। সবার সঙ্গে কুশল বিনিময় করতেন। এখন চাইলেও তিনি তা আগের মতো পারবেন না। রাজনীতির বাইরে চলে গেলেন। যদিও তার অনেকটা বয়সও হয়েছে। শারীরিক অসুস্থতা বেড়েছে। রাষ্ট্রপতি হলে নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন।

সময়ের আলো/প্রিন্ট/আতা


  বিষয়:   ঠাকুরগাঁও-১  মনোনয়ন  মির্জা ফখরুল  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: