পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নিখোঁজের পাঁচদিনেও সন্ধান মেলেনি নাসরিন নাহার বেগম (১৮) নামে এক গৃহবধূর। গত ৯ আগস্ট উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের সজল আমীনের স্ত্রী নাসরিন নাহার বেগম কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন।
জানা গেছে, গত ৯ আগস্ট শ্বশুর বাড়ি থেকে এইচএসসি (বিএম শাখা) পরীক্ষা দিতে উপজেলার আমান উল্লাহ কলেজে পরীক্ষা কেন্দ্রে যান গৃহবধূ নাসরিন। কিন্তু পরীক্ষা হলে না গিয়ে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পাঁচদিন পার হলেও পুলিশ তার সন্ধান পায়নি।
এ ঘটনায় নিখোঁজের শাশুড়ি মনোয়ারা বেগম ঘটনার দিন ৯ আগস্ট ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তিনি উপজেলার আমান উল্লাহ কলেজে পড়ালেখা করছিলেন।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
সময়ের আলো/জোই