চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেল।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় পাবনার ভাঙ্গুড়ায় নিজ বাসভবনে পৌঁছান তিনি। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তার চার ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন।
গোলাম হাসনাইন রাসেল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি পূর্বে ভাঙ্গুড়ার উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক সূত্র জানায়, তার মা নূরজাহান রেখা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তি অনুমোদন করে।
মুক্তি পাওয়ার পর সকালে নিজ বাড়িতে গিয়ে শেষবারের মতো মায়ের মুখ দর্শন করেন রাসেল। সকাল ১০টায় ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ সম্পন্ন হয় এবং পরবর্তীতে পার-ভাঙ্গুড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। দাফন কাজ শেষ হওয়ার সাথে সাথেই রাসেলকে পুনরায় পাবনা জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
রাসেলের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম পলাশ জানান, জেলা প্রশাসনের সময়োচিত ও মানবিক আদেশের কারণে রাসেল তার মায়ের শেষবিদায়ে উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, চার ঘণ্টার এই মুক্তিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকাটিতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দাফন শেষে তাকে পুনরায় সশৃঙ্খলভাবে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী তাকে নির্ধারিত চার ঘণ্টার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পাদন শেষে তাকে পুনরায় জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
সময়ের আলো/জেডি