চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১২ আগস্ট) কালীগঞ্জ বাজারের ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল খেলা চলাকালে দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। খেলা মাঠের সেই তুচ্ছ বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে এরাদতটোলা বাজারে এক যুবককে মারধরের ঘটনা ঘটে।
এরই সূত্র ধরে সন্ধ্যায় চাঁদশিকারি গ্রামের বাসিন্দাদের সাথে এরাদতটোলা ও পাঁকাটোলা গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আতঙ্কের সৃষ্টি করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে অন্তত ১০ জন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে মো. কাওসার ও মো. নাঈম নামের দুজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সময়ের আলো/জেডি