হোয়াটসঅ্যাপে ভুল করে প্রয়োজনীয় বার্তা, ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ কোনো নথি মুছে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। কারণ, একবার ডিলিট করা তথ্য সবসময় সহজে উদ্ধার করা সম্ভব হয় না। তবে আগে থেকে ব্যাকআপ চালু রাখা থাকলে কিছু ক্ষেত্রে হারিয়ে যাওয়া তথ্য পুনরায় ফিরে পাওয়ার সুযোগ থাকে।
তবে ব্যাকআপে সর্বশেষ যে সময় পর্যন্ত তথ্য সংরক্ষিত হয়েছে, কেবল সেটুকুই পুনরুদ্ধার করা যায়। উদাহরণ হিসেবে, শনিবার সর্বশেষ ব্যাকআপ নেওয়ার পর সোমবার কোনো ছবি বা বার্তা মুছে গেলে সেটি শনিবারের ব্যাকআপে থাকার সম্ভাবনা নেই। তাই ডেটা ফেরানোর প্রক্রিয়া শুরু করার আগে হোয়াটসঅ্যাপে সর্বশেষ ব্যাকআপের সময় ও তারিখ দেখে নেওয়া প্রয়োজন। কিছু ক্ষেত্রে ফোনের স্টোরেজে থাকা স্থানীয় ব্যাকআপ থেকেও পুরোনো তথ্য উদ্ধার করা যায়।
ব্যাকআপ থেকে বার্তা ও ছবি পুনরুদ্ধার
প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে চ্যাটস অপশনে প্রবেশ করতে হবে। এরপর চ্যাট ব্যাকআপ নির্বাচন করলে সর্বশেষ ব্যাকআপ কবে এবং কখন হয়েছে, তা দেখা যাবে।
যে তথ্যটি প্রয়োজন, সেটি ব্যাকআপে রয়েছে নিশ্চিত হলে ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপের আইকনে কিছুক্ষণ চাপ দিয়ে আনইনস্টল নির্বাচন করলেই এটি করা যায়। ফোনের সেটিংস থেকেও অ্যাপটি আনইনস্টল করা সম্ভব।
এরপর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর এবং আইফোন ব্যবহারকারীদের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করতে হবে। অ্যাপ চালু করার পর আগের অ্যাকাউন্টে ব্যবহৃত ফোন নম্বর দিতে হবে। ওটিপির মাধ্যমে নম্বর যাচাই সম্পন্ন হলে আগের ব্যাকআপ থেকে চ্যাট ফিরিয়ে আনার জন্য রিস্টোর অপশন দেখা যাবে। সেখানে চাপ দিলেই ব্যাকআপে থাকা তথ্য আবার ফোনে চলে আসবে।
ব্যাকআপ না থাকলে কী করবেন
প্রয়োজনীয় তথ্য ব্যাকআপে সংরক্ষিত না থাকলে কিছু ক্ষেত্রে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করে তা উদ্ধারের চেষ্টা করা যায়। অ্যান্ড্রয়েড ফোনে ড.ফোনের মতো বিভিন্ন রিকভারি সফটওয়্যার এ কাজে ব্যবহার করা হয়। তবে এ ধরনের সফটওয়্যার ব্যবহার করলেই সব মুছে যাওয়া তথ্য নিশ্চিতভাবে ফিরে পাওয়া যাবে—এমন নিশ্চয়তা নেই।
কোনো ফাইল মুছে যাওয়ার পর ফোনে নতুন ডেটা সংরক্ষণ করা হলে সেটি পুরোনো তথ্যের জায়গা দখল করতে পারে। ফলে আগের ডেটা পুনরুদ্ধারের সম্ভাবনা আরও কমে যায়। এ ক্ষেত্রে ফোনের মডেল, অ্যান্ড্রয়েডের সংস্করণ, স্টোরেজের ধরন এবং তথ্য মুছে যাওয়ার পর ফোনটি কতটা ব্যবহার করা হয়েছে— এসব বিষয়ও গুরুত্বপূর্ণ।
তথ্য হারানো ঠেকাবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত ব্যাকআপ রাখা। প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক ব্যাকআপ চালু করে রাখা যেতে পারে।
পাশাপাশি গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও নথির অতিরিক্ত কপিও কম্পিউটার বা অন্য কোনো নিরাপদ স্থানে রাখা ভালো। এতে হোয়াটসঅ্যাপের ব্যাকআপে কোনো সমস্যা দেখা দিলেও প্রয়োজনীয় তথ্য পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে।
সময়ের আলো/ইউএমএইচ