যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রচারিত ইসরায়েলি পডকাস্ট ‘মেলেখ ব্লিটজার হাইম’- এ বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু ব্রিটেনের বর্তমান অবস্থার সঙ্গে অতীতের তুলনা করেন। তিনি ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েলের পক্ষে ইতিবাচক প্রতিবেদন করা ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের প্রশংসা করেন।
ব্রিটেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে নেতানিয়াহু বলেন, ‘আজকের ব্রিটেনে এমন কিছু খুঁজে দেখুন দেখি। এটিকে চাইলে আপনি ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারেন।’
পডকাস্টে তিনি ২০২২ সালে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের করা একটি মন্তব্যও উল্লেখ করেন। নেতানিয়াহু বলেন, একজন তো বলেছিলেন যে পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হতে যাচ্ছে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন।’
এরপর তিনি বলেন, ‘ইরান যাতে আমাদের এখানে দ্বিতীয় এমন কোনো রাষ্ট্র সৃষ্টি করতে না পারে, সেটি আমরা নিশ্চিত করছি।’
ইসরায়েল ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান নিয়ে নেতানিয়াহুর মন্তব্যটি এসেছে এমন সময়ে, যখন ব্রিটিশ রাজনীতিতে গাজা যুদ্ধ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম তার পূর্বসূরি কিয়ার স্টারমারের তুলনায় ইসরায়েল ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।
সময়ের আলো/এমকে