রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটক ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
ওসি জানান, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেয়া বাড়ির সামনে শনিবার ভোর থেকে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। এ ছাড়াও বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি ওই সড়ক দিয়ে হেঁটেও কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না।
সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। পাশাপাশি উৎসুক লোকজনকেও সেখানে ভিড় করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।