বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। দলটি এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং দেশ সঠিক নেতৃত্বে এগিয়ে যাবে।
তিনি বলেন, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে বেগম খালেদা জিয়া ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণের প্রত্যাশা, বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার নীতি, আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ পরিচালনা করবে।
বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সময়ের আলো/এমকে