ঘাড় ঝুঁকিয়ে ঘণ্টার পর ঘণ্টা স্মার্টফোন স্ক্রিনে তাকিয়ে থাকার বাজে অভ্যাস স্থায়ী শারীরিক জটিলতার জন্ম দিচ্ছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অতিরিক্ত ঘাড় নিচু করে মোবাইল দেখার কারণে ঘাড় ও কাঁধে যে অস্বাভাবিক যান্ত্রিক চাপ তৈরি হয়, তাকে বলা হচ্ছে ‘টেক্সট নেক’।
সম্প্রতি ভারতীয় ৫২ বছর বয়সি অভিনেত্রী শাকিলা টানা শুয়ে-বসে মোবাইল দেখার অভ্যাসের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘাড় ও মেরুদণ্ডে তীব্র ব্যথার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তার ঘাড়ে টাইটানিয়ামের প্লেট বসাতে বাধ্য হন, যার পেছনে খরচ হয় প্রায় ৩ লাখ টাকা।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানান, ফোন দেখার সময় মাথা যদি ৬০ ডিগ্রি কোণে সামনের দিকে ঝুঁকে থাকে, তবে ঘাড় ও মেরুদণ্ডের ওপর স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি ভার পড়ে। শুরুতে সামান্য কাঁধ শক্ত হওয়া, মাথাব্যথা বা ঘাড়ে অস্বস্তি দেখা দিলেও দীর্ঘদিন এই ভঙ্গি বহাল থাকলে মেরুদণ্ডের বক্রতা নষ্ট হয়ে কাইফোসিস বা স্কোলিওসিসের মতো জটিল রোগ দেখা দিতে পারে।
বিশেষ করে বিছানায় শুয়ে, উপুড় হয়ে কিংবা একপাশ ফিরে ফোন ব্যবহার করা শরীরের স্বাভাবিক অ্যালাইনমেন্ট বা ভারসাম্য নষ্ট করে। ফলে ধীরে ধীরে ঘাড়ের স্বাভাবিক পেশিগুলো স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে।
এই মারাত্মক বিপর্যয় এড়াতে বিছানায় শুয়ে মোবাইল দেখার অভ্যাস ত্যাগ করার পাশাপাশি ফোনটি যতটা সম্ভব চোখের সমান্তরাল উচ্চতায় ধরে ব্যবহার করা উচিত। এছাড়া দীর্ঘক্ষণ একটানা স্ক্রিনে না তাকিয়ে মাঝেমধ্যে বিরতি নেওয়া এবং ঘাড় ও কাঁধের হালকা ব্যায়াম করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
সময়ের আলো/জেডি