বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তবর্তী দোছড়ি তোন্দুলেরমুখ কচ্ছপিয়া এলাকা থেকে বিজিবির অভিযানে আবারও মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (১৫ আগস্ট) বিকাল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ১১ বিজিবির একটি বিশেষ টহলদলকর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৮/৪ এস এবং শূন্যরেখা হতে প্রায় ৮ কিলোমিটার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে দোছড়ি তোন্দুলেমুখ কচ্ছপিয়া নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় টহল জোরদার করে। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পাশের জঙ্গলে বিতরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আতা