কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান এই কবি। তার ইচ্ছানুযায়ী বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
শামসুর রাহমান শুধু কবিতার জগতে একজন সৃষ্টিশীল কবি ছিলেন না, তিনি ছিলেন একটি সময়ের কণ্ঠস্বর। ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা তার কবিতায় বারবার উঠে এসেছে। মানুষের অধিকার, স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক চেতনা তার কবিতাকে দিয়েছে স্বতন্ত্র শক্তি। ব্যক্তিগত অনুভূতির সঙ্গে তিনি মিলিয়েছেন একটি জাতির সংগ্রাম, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে।
১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন শামসুর রাহমান। পঞ্চাশের দশকেই আধুনিক বাংলা কবিতায় তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেন। ১৯৬০ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি ৬০টিরও বেশি কাব্যগ্রন্থ রচনা করেন।
কবিতার পাশাপাশি প্রবন্ধ, উপন্যাস, অনুবাদ ও সাংবাদিকতাতেও ছিল তার উল্লেখযোগ্য অবদান। দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তার কবিতার ভুবনে যেমন প্রেম, নিঃসঙ্গতা ও ব্যক্তিমানুষের অনুভূতি রয়েছে, তেমনি রয়েছে সময়ের উত্তাপ ও রাজনৈতিক বাস্তবতার অভিঘাত।
‘আসাদের শার্ট’, ‘স্বাধীনতা তুমি’ এবং ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’-তার বহুলপঠিত কবিতাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব কবিতা কেবল সাহিত্যিক সৃষ্টিই নয়; বাঙালির সংগ্রাম, স্বাধীনতার আকাঙ্ক্ষা ও স্বপ্নের সঙ্গেও গভীরভাবে যুক্ত হয়ে আছে। মুক্তিযুদ্ধের সময় লেখা তার কবিতাগুলো পরে ‘বন্দী শিবির থেকে’ গ্রন্থে সংকলিত হয়। মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা কাব্যচর্চায় গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত।
সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শামসুর রাহমান পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ দেশি-বিদেশি বহু সম্মাননা। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন পাঠকের কাছে তার তুমুল গ্রহণযোগ্যতা।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। বদলে যায় সমাজ, রাজনীতি, মানুষের জীবন ও ভাষার ব্যবহার। কিন্তু কিছু কবিতা সময় পেরিয়েও মানুষের কথা বলে। শামসুর রাহমানের কবিতার শক্তি সেখানেই। স্বাধীনতা, মানবিকতা, প্রতিবাদ ও স্বপ্নের যে চেতনা তার কবিতায় ধ্বনিত হয়েছে, তা আজও নতুন প্রজন্মের পাঠকের কাছে প্রাসঙ্গিক।
সময়ের আলো/মহু