জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। ফলে এ মামলায় খায়রুল হকের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোনায়েম নবী শাহীন।
তিনি বলেন, ‘চেম্বার বিচারপতির আদেশের পর খায়রুল হকের কারাগার থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।’
এদিন খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহের হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ নাজমুল হাসান ছিদ্দিকী ও মো. মোখলেছুর রহমান।
এর আগে গত ১০ আগস্ট এই মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না কেন, তা জানতে রুল জারি করা হয়।
এর আগে গত ২ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট খোয়াইবের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায়ও তার জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে আরও সাতটি মামলায় জামিন পেয়েছেন খায়রুল হক। গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে ডিবি তাকে গ্রেফতার করে। পরে তাকে মোট নয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়।
সময়ের আলো/এমকে