অন্যের জীবন বাঁচাতে প্রাণ দিলেন শিপইয়ার্ডের সুজন

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার জাহাজ ভাঙা শিল্পে ঘটে যাওয়া বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে এক মর্মান্তিক, কিন্তু বীরত্বপূর্ণ কাহিনি উঠে এসেছে। যেখানে

2026-08-17T22:25:44+00:00
2026-08-17T22:25:44+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে গ্যাস ট্র্যাজেডি
অন্যের জীবন বাঁচাতে প্রাণ দিলেন শিপইয়ার্ডের সুজন
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:২৫ পিএম 
আব্দুল আলিম সুজন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার জাহাজ ভাঙা শিল্পে ঘটে যাওয়া বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে এক মর্মান্তিক, কিন্তু বীরত্বপূর্ণ কাহিনি উঠে এসেছে। যেখানে মৃত্যুভয় মানুষকে স্তব্ধ করে দেয়, সেখানে নিজের জীবনের পরোয়া না করে অন্যের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যুকে বরণ করেছেন। তিনি ছিলেন ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে নিরাপত্তা সুপারভাইজার আব্দুল আলিম সুজন। 

শুক্রবারের সেই ভয়াবহ গ্যাস লিকেজের ঘটনায় সুজন নিজেকে উৎসর্গ করে অন্তত একজন শ্রমিকের জীবন বাঁচাতে সক্ষম হলেও, পরে বিষাক্ত গ্যাসের শিকার হয়ে নিজেই না ফেরার দেশে পাড়ি জমান।

প্রত্যক্ষদর্শী এবং ইয়ার্ড সূত্রে জানা গেছে, বাতিল এলএনজি ট্যাংকার এমটি রাসি কাটার সময় একটি বদ্ধ ট্যাংকে জমে থাকা বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসে আক্রান্ত হয়ে কয়েকজন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। চারদিকে যখন আতংক এবং হুড়োহুড়ি, ঠিক তখনই নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতার চরম নজির দেখান সুজন।

গ্যাসে আক্রান্ত এক শ্রমিককে উদ্ধার করতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। ওই শ্রমিককে জীবিত অবস্থায় টেনে বের করে আনতে সক্ষম হলেও, তিনি নিজে তীব্র বিষাক্ত গ্যাসের প্রভাব এবং অক্সিজেনের স্বল্পতায় কাবু হয়ে পড়েন। শেষ পর্যন্ত সুজন সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই ট্র্যাজেডিতে সুজনসহ মোট ৯ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, যা দেশের জাহাজ ভাঙা শিল্পের ইতিহাসে অন্যতম বড় দুর্ঘটনা।

আব্দুল আলিম সুজন শুধু কর্মস্থলেই নয়, নিজ এলাকায়ও অত্যন্ত জনপ্রিয় এবং সামাজিকভাবে সচেতন ব্যক্তি ছিলেন। তিনি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর সলিমপুর এলাকার মৃত হাজি সোলাইমানের ছেলে। পরিবারের সদস্য এবং এলাকাবাসীর মতে, সুজন সবসময় পরোপকারী এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর আকস্মিক এবং মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সাহসী কাজ এবং বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা মানুষ দীর্ঘদিন মনে রাখবে।


সুজনের এই আত্মত্যাগের খবরটি বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আবেগের সঞ্চার করে। সোশ্যাল মিডিয়ায় সুজনের সাহসী কাজের ভূয়সী প্রশংসা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। মরণোত্তর সম্মাননা এবং তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখার দাবি উঠেছে। অনেকে সুজনের কাজের ছবি এবং ভিডিও শেয়ার করে তার বীরত্বগাঁথা ছড়িয়ে দিচ্ছেন।

এই ভয়াবহ দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে শিল্প মন্ত্রণালয় থেকে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খানের নেতৃত্বে একটি ৮ সদস্যের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তবে বিষাক্ত গ্যাসের তীব্রতার কারণে দুর্ঘটনাস্থলে এখনও প্রবেশ করা সম্ভব হয়নি, ফলে তদন্ত কাজ কিছুটা থমকে আছে। এদিকে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সরকারি সংস্থা ও ইয়ার্ড মালিকসহ ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনি নোটিশ দিয়ে ইয়ার্ড বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

আব্দুল আলিম সুজনের এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের চরম বিপর্যয়ের মুহূর্তে এখনও কিছু মানুষ নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের জীবন রক্ষায় ব্রতী হন। সুজনের সাহসিকতা এবং আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   সীতাকুণ্ড  গ্যাস ট্র্যাজেডি  জীবন বাঁচাতে প্রাণ দিলেন সুজন  শিপইয়ার্ড  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: