অস্ট্রেলিয়ায় টেস্ট খেলছে বাংলাদেশ আর সেই ম্যাচ বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করছে না। ক্রিকেটপ্রেমীদের খেলা দেখতে হচ্ছে অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। কিন্তু বর্তমান ক্রিকেট বিশ্বের চোখই এখন অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে রয়েছে। আরও স্পষ্টভাবে বললে বলা যায়, শান্ত-মিরাজদের দিকে তাকিয়ে আছে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে জয়ের পর বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশের শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছে নাজমুল হোসেনের দল।
প্রথম টেস্ট চার দিনেই শেষ করে জিতে নেওয়ায় গতকাল বিশ্রামে ছিল বাংলাদেশ টিম। তবে টিম হোটেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের ম্যানেজার নাফিস ইকবাল। তিনি বলেন, টেস্ট জয়ের পর বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড ফোন করে ও মোবাইল ফোন বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছে। আমরা যেখানে যাচ্ছি বা যাদের সঙ্গেই দেখা হচ্ছে এমনকি নাশতার টেবিলেও তারা সবসময় সম্মান করছে, যে আমরা এখানে টেস্ট ম্যাচ খেলতে এসেছি। তারা টেস্ট ম্যাচকে খুব গুরুত্ব দেয়। সেই সম্মানটা এখন বেড়ে গেছে।
নাফিস আরও বলেন, ‘এই ম্যাচের পর আমি নানান জায়গা থেকে, অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের থেকেও অভিনন্দনবার্তা পেয়েছি। এটাই বলে দেয়, এই জয়টা কত বড়।’ বাংলাদেশ দল কাদের কাছ থেকে অভিনন্দন পেয়েছে, সে বিষয়ে টিম ম্যানেজার বলেন, ‘শ্রীলঙ্কা থেকে পেয়েছি (অভিনন্দন), পাকিস্তান থেকে পেয়েছি। এ রকম অনেক দেশ, যেখানে আমরা গিয়েছি, যেখানে আমাদের সঙ্গে সম্পর্ক হয়েছে, আফগানিস্তানসহ অনেক জায়গা থেকেই আমরা পেয়েছি। সব জায়গা থেকে অভিনন্দন জানিয়ে মেসেজ আসছে।’
অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ দিয়ে টাইগার ম্যানেজার বলেন, ‘এখানে অনেক ছাত্র আছেন বা এখানকার কমিউনিটি যারা, অসাধারণ সমর্থন পেয়েছি। তারা এখানে কাজ করছেন বা ছুটি নিয়ে পুরো টিমকে সাপোর্ট করতে এসেছিলেন। তাদের অসংখ্য ধন্যবাদ। অনেকের সঙ্গে দেখা হয়েছে, তাদের ধন্যবাদ দিয়েছি। সবার সঙ্গে যদি দেখা না হয়ে থাকে, আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই।’
সময়ের আলো/প্রিন্ট/টিকে