ছোটপর্দার পর এবার বড় পর্দায় জুটি হয়ে আসছেন আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। এর আগে একাধিক টিভি নাটক ও টেলিফিল্মে একসঙ্গে কাজ করলেও সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে তাদের। সিনেমাটির নাম ‘যাযাবর’। বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। চলতি মাসের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্মাতা।
‘যাযাবর’ সিনেমা নিয়ে তানবীর হাসান বলেন, ‘সারভাইভাল থ্রিলার অ্যাকশন সিনেমা ‘যাযাবর’। রোমাঞ্চ ও ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা দেখতে পারবেন দর্শক। গল্পের প্রায় প্রতিটি দৃশ্যে সাসপেন্স থাকবে। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে চূড়ান্ত করা হয়েছে অভিনয়ের জন্য। তারা গল্পটি খুব পছন্দ করেছেন। আমার বিশ্বাস, যারা হলে সিনেমাটি দেখতে যাবেন, তারা পুরো গল্প শেষ না করে উঠতে পারবেন না।’
নিমার্তা বলেন, ‘এখন চলছে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। এ মাসের শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা করেছি। ইতিমধ্যে শিল্পীদের সঙ্গে শিডিউল নিয়ে কথা হচ্ছে। একটানা ৮০-৯০ ভাগ শুটিং করার পরিকল্পনা আছে। এরপর একটা বিরতি দিয়ে আবার শুরু হবে শেষ ভাগের শুটিং।’
এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে সজল বলেন, সিনেমার গল্প ভালো লেগেছে। ঠিকমতো করা গেলে দর্শকদেরও ভালো লাগবে। ভাবনা গুণী অভিনেত্রী। প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছি। আশা করছি, দারুণ কিছু হবে।’
ভাবনা বলেন, ‘সজল ভাই অভিজ্ঞ অভিনেতা। তার সঙ্গে কাজ করা আমার জন্য আনন্দের। সিনেমার গল্পটি দারুণ। সবাই মিলে ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব বলে আশা করছি।’
পরিচালনার পাশাপাশি ‘যাযাবর’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানবীর হাসান। সিনেমাটি তৈরি হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনে মিডিয়ার ব্যানারে। সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা, ইকবাল প্রমুখ।
সময়ের আলো/প্রিন্ট/টিকে