ঋণখেলাপির বিধিনিষেধ শিথিল করে বিতর্কিত এস আলম গ্রুপের যৌথ মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে নতুন ঋণপত্র (এলসি) খোলা এবং প্রায় ৩২ লাখ ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রা সিন্ডিকেটেড ঋণের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ ডলার ছাড় এবং নতুন এলসি খোলার জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারার ক্ষমতাবলে ২৭ কক(৩) ধারার বিধিনিষেধ স্থগিত করা হলো।
তবে প্রজ্ঞাপনে স্পষ্ট শর্ত দেওয়া হয়েছে যে, এই ঋণসুবিধার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কোনো দায় তৈরি হবে না এবং রূপালী ব্যাংক ভবিষ্যতে এ বাবদ কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে-বেনামে নেওয়া ঋণের পরিমাণ ২ লাখ ২৫ হাজার কোটি টাকার বেশি, যার বড় অংশই খেলাপি। সাধারণ নিয়ম অনুযায়ী খেলাপি প্রতিষ্ঠানের অনুকূলে নতুন ঋণ বা এলসি সুবিধার সুযোগ না থাকলেও বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার স্বার্থেই এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চট্টগ্রামের বাঁশখালীতে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটিতে এস আলম গ্রুপের ৭০ শতাংশ এবং চীনের সেপকো থ্রি ও এইচটিজি গ্রুপের ৩০ শতাংশ মালিকানা রয়েছে, যা ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে রয়েছে।
সময়ের আলো/টিকে