ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে এক নারীসহ দুজনের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে।
বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে স্বজনদের কাছে খবর পৌঁছালে তারা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত দুজন হলেন এস এম আলিমুজ্জামান ওরফে সাজু (৪৫) ও রেবতী সরকার। সাজু কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস আলী সরদারের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। রেবতী সরকার একই ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ভবেশ কুমার সরকারের স্ত্রী।
সাজুর ভাই উজ্জ্বল সরদার জানান, কোমরের ব্যথার চিকিৎসার জন্য পাঁচ দিন আগে ভারতে যান সাজু। বুধবার তাঁর দেশে ফেরার কথা ছিল। কলকাতার হোটেলে আগুন লাগার খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁর ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয় একজনের মাধ্যমে খোঁজ নিয়ে রাতে জানতে পারেন, অগ্নিকাণ্ডে সাজুর মৃত্যু হয়েছে।
উজ্জ্বল সরদার বলেন, ‘আমরা তাঁর লাশ দেশে ফিরিয়ে আনতে চাই।’
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, আলিমুজ্জামান ওরফে সাজু ও রেবতী সরকার নামে দুজন নিহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। বিষয়টি বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ২টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। এ ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকসহ নয়জন নিহত হন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছে।
নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন। তাঁরা হলেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। এ ছাড়া ঢাকার সাভারের একজনও নিহত হয়েছেন।
সময়ের আলো/এসএকে