শর্তসাপেক্ষে মালিকের কাছে ২ হাতি হস্তান্তর করল বন বিভাগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

একাধিক অভিযোগে উদ্ধার করা ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামের ২টি হাতি শর্তসাপেক্ষে তাদের মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। প্রায় ২

2026-08-20T16:32:58+00:00
2026-08-20T16:37:54+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
শর্তসাপেক্ষে মালিকের কাছে ২ হাতি হস্তান্তর করল বন বিভাগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:৩২ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৪:৩৭ পিএম
উদ্ধার করা হাতি। ছবি : সময়ের আলো
একাধিক অভিযোগে উদ্ধার করা ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামের ২টি হাতি শর্তসাপেক্ষে তাদের মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। প্রায় ২ বছর আগে হাতি দুটি উদ্ধার করে গাজীপুরের সাফারি পার্কে আনা হয়েছিল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

তিনি জানান, ১২ আগস্ট দুপুরে সাফারি পার্ক থেকে হাতি দুটি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সম্রাটকে তার মালিক মনির মিয়া এবং নিহারকলিকে তার মালিক আব্দুল মজিদ বুঝে নেন।

বন বিভাগ ও পার্ক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাহুত নজরুল ইসলামকে পিষে হত্যার ঘটনার পর সম্রাটকে উদ্ধার করা হয়। পরে তাকে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়। অন্যদিকে, একই বছরের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে নিহারকলিকে উদ্ধার করা হয়। হাতিটি দিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলা এবং নির্যাতনের অভিযোগ থাকায় তাকেও সাফারি পার্কে আনা হয়েছিল।


মনির মিয়া জানান, সাফারি পার্ক থেকে হাতিটিকে নিয়ে বর্তমানে মৌলভীবাজার এলাকায় রাখা হবে। সেখানে নিজ দায়িত্বে হাতিটির লালন-পালন করা হবে।

তারেক রহমান বলেন, ‘হাতির মালিকরা নিয়ম মেনে বন বিভাগের কাছে আবেদন করেছিলেন। তাদের আবেদন যাচাই-বাছাইয়ের পাশাপাশি হাতি লালন-পালনের জন্য তাদের আর্থিক সক্ষমতাও যাচাই করা হয়। পরে জিম্মানামা ও মুচলেকা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় হাতি দুটি মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বন বিভাগের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী বলেন, ‘মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। হাতি দুটি যাতে নির্যাতনের শিকার না হয়, কষ্ট না পায় এবং চাঁদা বা টাকা তোলার কাজে ব্যবহার করা না হয়-এমন শর্ত দেওয়া হয়েছে। ৩০০ টাকার স্ট্যাম্পে জিম্মানামা নিয়ে হাতি দুটি ফেরত দেওয়া হয়েছে।’

তিনি দাবি করেন, সাফারি পার্কে দুটি হাতির মৃত্যুর কারণে নয়, বরং মালিকদের আগের আবেদনের পর নিয়ম মেনেই হাতি দুটি ফেরত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৬ ও ৭ আগস্ট গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় দুটি হাতির মৃত্যু হয়। এর মধ্যে গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা দশ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর চার বছর বয়সী হাতি জয়িতা হামলা করে। এতে রাজু বাহাদুরের পা ভেঙে যায়। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়। দীর্ঘ চিকিৎসা ও নানা প্রচেষ্টা সত্ত্বেও ৭ আগস্ট রাজু বাহাদুরের মৃত্যু হয়। অন্যদিকে, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে ৬ আগস্ট আরেকটি হাতির মৃত্যু হয়।

সময়ের আলো/মহু




  বিষয়:   শর্ত  হাতি  মালিক  হস্তান্তর  বন বিভাগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: