এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম এগিয়ে আনতে খসড়া সময়সূচির প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী প্রথম ধাপের ভর্তি আবেদন গ্রহণ করা হবে। পুরো কার্যক্রম শেষে ২৪ সেপ্টেম্বর থেকে কলেজ ও মাদ্রাসায় ক্লাস শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে প্রস্তাবিত এই সূচির কথা নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, শিক্ষার্থীদের সময় বাঁচাতে ভর্তি প্রক্রিয়া সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খসড়া সূচি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী
আবেদন ও পুনর্নিরীক্ষণ : প্রথম ধাপের আবেদন চলাকালেই ১০ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হতে পারে। পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন।
ভর্তি নিশ্চায়ন ও ক্লাস : নির্বাচিত শিক্ষার্থীদের ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে ২৪ সেপ্টেম্বর একাদশে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।
ভর্তি পদ্ধতি : বরাবরের মতো মেধা ও নম্বরের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে পছন্দক্রম অনুযায়ী আবেদন নেওয়া হবে। প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবার আবেদনের মোট ধাপ কমানো হতে পারে, তবে ভর্তি নীতিমালায় অন্য কোনো বড় পরিবর্তন আনা হচ্ছে না।
শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর এই আবেদন গ্রহণ, ধাপের সংখ্যা এবং ক্লাস শুরুর নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সময়ের আলো/জেডি