সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী অস্ত্রবোঝাই কার্গো জাহাজ ‘লুতুফ’ ছিনতাই করেছে জলদস্যুরা। চলতি সপ্তাহের শুরুতে ছিনতাই হওয়া এই জাহাজে থাকা ১০ জন নাবিকের মধ্যে অন্তত ৬ জন ভারতীয় নাগরিক।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ আগস্ট) পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়।
জাহাজটিতে ৬ জন ভারতীয় নাবিক ছাড়াও একজন তুর্কি নাগরিক, একজন জর্জিয়ান নাগরিক এবং দুজন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন।
সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি ‘পোলার মুভমেন্ট শিপিং’ নামের একটি প্রতিষ্ঠানের। জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র এবং যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল।
কর্মকর্তার দাবি, ৮ জন জলদস্যু জাহাজটি ছিনতাই করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, জলদস্যুরা এর আগে ২৬ এপ্রিল ‘সোয়ার্ড’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজও ছিনতাই করেছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত ভারত ও তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
তথ্যসূত্র : এনডিটিভি
সময়ের আলো/মহু