ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন তিউনিসীয় নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে যাত্রা করা নৌকাটি দুর্ঘটনার পর স্থানীয় একটি নৌযান দুইজনকে উদ্ধার করেছে।
তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রধান মোস্তফা আবদেলকেবির জানান, নৌকাডুবির পর উদ্ধার হওয়া দুই ব্যক্তি কয়েক ঘণ্টা সাগরে আটকে ছিলেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া দীর্ঘদিন ধরে অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে গত দুই বছরে দেশটি থেকে ইউরোপমুখী অভিবাসনের সংখ্যা কমেছে। তিউনিসিয়ার কঠোর অভিযান এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সমুদ্রপথে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার এর অন্যতম কারণ।
তিউনিসিয়া শুধু নিজ দেশের নাগরিকদের নয়, আফ্রিকার বিভিন্ন দেশের ইউরোপগামী অভিবাসীদেরও গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযানে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটছে।
তিউনিসিয়া ও ইইউর অভিবাসন চুক্তি নিয়েও মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা রয়েছে। গত জুলাইয়ে ৪৬টি সংগঠন অভিযোগ করে, ইইউর অর্থায়ন তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীকে সমুদ্রে ঝুঁকিপূর্ণভাবে অভিবাসন ঠেকাতে উৎসাহিত করছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৩৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার হিসাবে, ২০১১ সাল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টায় প্রায় ১০ হাজার তিউনিসীয় সমুদ্রে নিখোঁজ হয়েছেন।
সূত্র : আলজাজিরা
সময়ের আলো/এমকে